লিফটে আটকে গেলে কী করবেন: নিরাপদে নিজেকে রক্ষা করার কিছু পরামর্শ
লিফট এখন শহুরে জীবনের অঙ্গ, তবে কখনও কখনও যান্ত্রিক ত্রুটি বা শক্ত অবস্থানের কারণে বিপদের মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আতঙ্কিত না হয়ে শান্তভাবে পদক্ষেপ নেওয়াই সবচেয়ে জরুরি।
মোহাম্মদপুরের এনএইচএ গার্ডেন সিটির লিফট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম কিবরিয়ার পরামর্শ অনুযায়ী, লিফটে আটকে পড়লে যা করতে হবে তা নিম্নরূপ।
শান্ত থাকুন এবং অন্যদেরও শান্ত রাখুন
প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। লিফটে যদি অন্য যাত্রীরা থাকেন, তাদেরও শান্ত থাকার জন্য উৎসাহিত করুন। স্বাভাবিকভাবে কথা বলার বা হালকা গল্প করার মাধ্যমে পরিবেশ হালকা রাখার চেষ্টা করুন।
অ্যালার্ম বা ফোন ব্যবহার করুন
লিফটের জরুরি অ্যালার্ম বাটন চাপুন এবং সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করুন। অনেক লিফটে ইন্টারকম বা জরুরি ফোন থাকে, যা ব্যবহার করে বিল্ডিং ম্যানেজমেন্ট বা রক্ষণাবেক্ষণ দলের সঙ্গে যোগাযোগ করা যায়। পরিস্থিতি শান্তভাবে ব্যাখ্যা করুন এবং একজন দায়িত্বশীল ব্যক্তি কথা বলুক।
দরজার কাছে দাঁড়াবেন না
লিফটের দরজার কাছে ভিড় করা বিপজ্জনক। কেউ দরজা খোলার চেষ্টা করলে পর্যাপ্ত জায়গা রাখুন। দরজার পেছনে দাঁড়ালে হঠাৎ লিফট চললে দুর্ঘটনার ঝুঁকি থাকে।
অতিরিক্ত নড়াচড়া এড়িয়ে চলুন
লাফালাফি বা দোলানোর চেষ্টা করবেন না। লিফটের স্থিতিশীলতা বজায় রাখতে শান্তভাবে দাঁড়িয়ে থাকা বা বসা জরুরি। অপ্রয়োজনীয় নড়াচড়া পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলতে পারে।
নিজে দরজা খোলার চেষ্টা করবেন না
লিফটের দরজা জোর করে খোলা অত্যন্ত বিপজ্জনক। হঠাৎ লিফট চললে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। পেশাদারদের নির্দেশ মেনে অপেক্ষা করুন।
লিফট দ্রুত নিচে নামলে করণীয়
যদি লিফট হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে, মেঝেতে শুয়ে পড়ুন। মাথা রক্ষা করতে ব্যাগ বা হাত ব্যবহার করুন। ব্যাগ থাকলে তা মাথার নিচে রাখুন, না থাকলে হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে আঘাতের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
অতিরিক্ত সতর্কতা
-
জরুরি নম্বর সবসময় ফোনে সংরক্ষণ করুন।
-
লিফটে থাকা নির্দেশিকা পড়ে রাখুন।
-
শিশু ও বয়স্কদের বিশেষভাবে খেয়াল রাখুন।
লিফটে আটকে পড়া অপ্রীতিকর হলেও শান্ত থাকা, সঠিক পদক্ষেপ নেওয়া এবং পেশাদারদের সাহায্যের অপেক্ষা করাই নিরাপত্তার মূল চাবিকাঠি। এই পরামর্শগুলো মেনে চললে বিপদ মোকাবিলা করা সহজ হয়।

