রাতের ঘুমের আগে বই পড়ার ৩টি উপকারিতা
রাত মানেই শান্তির সময়, নিজের ভেতরে ফিরে যাওয়ার সুযোগ। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর গভীর ঘুম জরুরি, কারণ ঘুম ঠিকঠাক না হলে পরদিনের মানসিক ও শারীরিক শক্তি কমে যায়। কিন্তু আধুনিক জীবনে প্রযুক্তিনির্ভর অভ্যাস ঘুমের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশেষত, ঘুমাতে যাওয়ার আগে অনেকেই স্মার্টফোনে ফেসবুক, ইউটিউব বা নেটফ্লিক্সে মগ্ন থাকেন। অথচ বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস ত্যাগ করে হাতে একটি কাগজের বই তুলে নিলেই মিলতে পারে মানসিক প্রশান্তি ও ভালো ঘুম।
ঘুম ও মানসিক স্বাস্থ্য নিয়ে করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঘুমের আগে বই পড়া শুধু ঘুমের মান ভালো করে না, মানসিক চাপ কমিয়ে মস্তিষ্কের সক্রিয়তাও বাড়ায়।
১. ঘুম আসতে সাহায্য করে দ্রুত
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমিয়ে পড়তে গড়ে ১০–২০ মিনিট সময় লাগে, যেটি ‘স্লিপ লেটেনসি’ নামে পরিচিত। যুক্তরাজ্যের ‘স্লিপ কাউন্সিল’ এবং ‘হ্যাপি বেডস’–এর ঘুম বিশেষজ্ঞ ডা. ক্যাথরিন হল রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “রাতের বই পড়া মস্তিষ্ককে বার্তা দেয়—এখন বিশ্রামের সময়।”
‘র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল অফ বেডটাইম রিডিং ইন অ্যাডাল্টস’ গবেষণায় দেখা যায়, যারা ঘুমানোর আগে বই পড়েন, তাদের মধ্যে ৪২ শতাংশ ঘুমের মান উন্নত হয়েছে। অন্যদিকে, যারা পড়েন না, তাদের মধ্যে মাত্র ২৮ শতাংশ এ উন্নতির কথা বলেছেন।
তবে এখানে শর্ত আছে—ই-রিডার নয়, হতে হবে কাগজের বই। কারণ, মোবাইল বা ট্যাবলেটের ‘নীল আলো’ মেলাটোনিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়, যা ঘুমের জন্য অপরিহার্য। হার্ভার্ড মেডিকেল স্কুল ও ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে, এই নীল আলো শরীরের প্রাকৃতিক ঘড়িকে (সার্কেডিয়ান রিদম) ব্যাহত করে।
২. মানসিক চাপ কমিয়ে মনকে শান্ত করে
চিন্তায় ভারাক্রান্ত মন নিয়ে ঘুমানো যায় না। এ অবস্থায় কয়েক পৃষ্ঠা বই হতে পারে নিঃসন্দেহে দারুণ ওষুধ। ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষণায় দেখা গেছে, মাত্র ৬ পৃষ্ঠা বই পড়লেই ৬৮% মানসিক চাপ কমে। যা চা খাওয়া, গান শোনা বা হাঁটার চেয়েও বেশি কার্যকর।
নিউরোসাইকোলজিস্ট ডা. ডেভিড লুইস এবং ডা. সনি শেরপা একমত যে, বই পড়া কর্টিসল হরমোন কমিয়ে দেয় এবং সেরোটোনিন-ডোপামিনের নিঃসরণ বাড়ায়—যা ঘুমের চক্রে সহায়ক। ফলে মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে এবং গভীর ঘুম আসে।
৩. স্মৃতিশক্তি বাড়ায় ও মস্তিষ্ককে জাগ্রত রাখে
বই পড়া শুধু মনোরঞ্জন নয়, এটি মস্তিষ্কের ব্যায়াম। ডা. সনি শেরপার মতে, “পড়ার সময় আমাদের মস্তিষ্কের একাধিক অংশ একসঙ্গে সক্রিয় হয়। শব্দ, অনুভূতি, দৃশ্য—সবকিছু মিলিয়ে এক অভিজ্ঞতা তৈরি হয়, যা নিউরনের সংযোগ মজবুত করে এবং ভবিষ্যতে তথ্য মনে রাখতে সহায়তা করে।”
ন্যাশনাল ইন্সটিটিউট অন এইজিং–এর গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়া আলৎঝাইমার রোগ প্রতিরোধে সহায়ক। ফলে রাতে বই পড়া স্মৃতিশক্তি সংরক্ষণের ক্ষেত্রেও উপকারী ভূমিকা রাখে।
স্ক্রিনের বদলে কেন বই?
ঘুমাতে যাওয়ার আগে অনেকেই মোবাইল ঘাঁটেন বা টিভি দেখেন। অথচ বিশেষজ্ঞদের মতে, স্ক্রিন থেকে নির্গত নীল আলো মস্তিষ্ককে দিনের বার্তা দেয়, যা ঘুম দেরি করে।
ডা. ক্যাথরিন হল বলেন, “এই নীল আলো ঘুমকে বিলম্বিত করে, এমনকি ইনসমনিয়া বা দুঃস্বপ্নও ডেকে আনতে পারে।” তাই ঘুমের আগে অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করে বই পড়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি রিপোর্টে বলা হয়েছে, বই পড়ার সময় মন সম্পূর্ণভাবে এক কাজে নিবদ্ধ থাকে, যা ‘মাইন্ডফুলনেস’ চর্চার বিকল্প হতে পারে। ফলে যারা মানসিক অস্থিরতা, ঘুমের অভাব কিংবা উদ্বেগে ভুগছেন, তাদের জন্য ঘুমানোর আগে বই পড়া হতে পারে সহজ ও কার্যকর সমাধান।

