রবিন হুড ছিলেন এক অসাধারণ তীরন্দাজ ও দুর্ধর্ষ যোদ্ধা। কাহিনী অনুযায়ী, তিনি ধনীদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে তা গরিব ও অসহায়দের মধ্যে বিলিয়ে দিতেন। এজন্য তিনি শুধু এক ডাকাত ছিলেন না, বরং সাধারণ মানুষের কাছে ছিলেন ন্যায়বিচারের প্রতীক। ইংল্যান্ডের গ্রামাঞ্চলে তাঁর নামে ছড়া, গান ও লোকগাথা প্রচলিত ছিল। বিশেষ করে শেরউডের জঙ্গল (Sherwood Forest) রবিন হুডের কার্যকলাপের প্রধান আশ্রয়স্থল হিসেবে বিখ্যাত।
রবিন হুড ছিলেন অসাধারণ দক্ষ ধনুর্বিদ। তাঁর তীর বন্দুকের গুলির চেয়েও দ্রুত ও সঠিক লক্ষ্যভেদী বলা হতো। সর্বদা তাঁর ঝোলায় থাকতো শত শত তীর। শারীরিক শক্তি ও যুদ্ধকৌশলেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। লোককথায় বলা হয়, একাই তিনি প্রায় পাঁচশ সৈন্যকে মোকাবিলা করতে পারতেন। তিনি কখনো অযথা হত্যাকাণ্ড চালাতেন না; তবে শত্রু আক্রমণ করলে নির্মমভাবে প্রতিহত করতেন।
কিংবদন্তি অনুযায়ী, রবিন হুড একা ছিলেন না। তাঁর এক বিশ্বস্ত সহকারী ছিলেন লিটল জন (Little John), যিনি ছিলেন অত্যন্ত লম্বা ও শক্তিশালী। এছাড়াও, ফ্রাইয়ার টাক (Friar Tuck) নামে এক ধর্মযাজক ও মেইড মেরিয়ান (Maid Marian) নামের এক নারী চরিত্র রবিন হুডের গাথায় বারবার উঠে আসে। তাঁরা মিলে একধরনের “দল” গঠন করেছিলেন, যা সাধারণ মানুষের কাছে আশ্রয় ও সুরক্ষার প্রতীক ছিল।
ইতিহাসবিদরা বলেন, রবিন হুডকে নিছক কল্পনার চরিত্র বলা যায় না। ইংরেজি সাহিত্যের প্রাচীন বল্লাদে (Ballads) তাঁর উল্লেখ পাওয়া যায়। দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দীর বিভিন্ন রচনায় তাঁর নাম ঘুরে ফিরে এসেছে। এমনকি ১৫২১ সালে রচিত একটি ল্যাটিন ইতিহাস গ্রন্থে রবিন হুড নামের এক দস্যুর কাহিনী পাওয়া যায়, যেখানে বলা হয় রাজা প্রথম রিচার্ডের (Richard I) সময় ইংল্যান্ডে রবিন হুড ও লিটল জন সক্রিয় ছিলেন।
কিছু গবেষক মনে করেন, রবিন হুড ছিলেন স্যাক্সন জাতির একজন বিদ্রোহী, যিনি নর্মান শাসকদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আবার অন্যরা বলেন, তিনি সম্ভবত ভাইকিং আক্রমণের সময় স্থানীয় প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এমনও ধারণা আছে যে, “রবিন হুড” আসলে একজনের নাম নয়, বরং একটি ডাকাতদলের প্রতীকী নাম।
বাস্তব হোক বা কিংবদন্তি, রবিন হুড আজও ন্যায়বিচার, সাহসিকতা ও দানশীলতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়। অসংখ্য সাহিত্য, নাটক, সিনেমা ও টেলিভিশন সিরিজে তাঁকে দেখা গেছে। তাঁর কাহিনী প্রমাণ করে যে—অন্যায়, শোষণ আর অবিচারের বিরুদ্ধে মানুষ সর্বদাই নায়ক খুঁজে পায়।
সূত্র : জ্ঞানের কথা
নোট: অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।

