মনের যত্নে সিভিটি: চিন্তা বদলালেই জীবন বদলে যায়
আমরা কী ভাবি, তা আমাদের অনুভূতিকে প্রভাবিত করে। আর সেই অনুভূতি আমাদের কাজের ওপর প্রভাব ফেলে। কগনিটিভ বিহেভিওরাল থেরাপি বা CBT হলো এক ধরনের কাউন্সেলিং, যা এই বিষয়টিকেই কাজে লাগায়।
Cognitive Behavioral Therapy একটি খুবই কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি। এটি আপনাকে শেখায় কীভাবে নেতিবাচক চিন্তা চেনা যায় এবং সেগুলোকে বদলে ইতিবাচক হওয়া যায়।
CBT আসলে কী?
CBT হল একটি ব্যবহারিক এবং লক্ষ্য ভিত্তিক থেরাপি। Cognitive Behavioral Therapy বা কগনিটিভ বেহেভিওরাল থেরাপি এটি আপনাকে শেখায় যে, কোনো ঘটনা বা (event) আমাদের অসুখী করে না। বরং সেই ঘটনাটাকে আমরা কীভাবে দেখি, কীভাবে ব্যাখ্যা করি, সেটাই আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে।
চিকিৎসকের সাথে কথা বলার পাশাপাশি এতে বাড়ির কাজও করতে হয়। এভাবে আপনি শেখা কৌশলগুলো প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শেখেন।
চিন্তা, অনুভূতি আর কাজের সম্পর্ক
CBT-এর মূল কথাই হলো এই তিনটির মধ্যে গভীর সম্পর্ক।
-
চিন্তা (Thoughts): আমাদের মাথায় আসা বিভিন্ন ধারণা ও কথা।
-
অনুভূতি (Feelings): চিন্তার ফলে সৃষ্টি হওয়া অনূভূতি , যেমন: দুঃখ, রাগ, আনন্দ, ভয়।
-
আচরণ (Behaviors): আমাদের কাজকর্ম, যেমন: পালানো, লুকানো, সামলানো।
একটি উদাহরণ দিয়ে বোঝাই:
-
ঘটনা: অফিসের একটি প্রেজেন্টেশন খুব ভালো হয়নি।
-
নেতিবাচক চিন্তা: “আমি সম্পূর্ণ ব্যর্থ। সবাই আমার ব্যর্থতা দেখে ফেলল। ক্যারিয়ার এখানেই শেষ।”
-
অনুভূতি: হতাশা, অপরাধবোধ, ভয়।
-
আচরণ: মন খারাপ করে ঘরে বসে থাকা, কাজে মন না দেওয়া।
এবার একই ঘটনায় ভিন্ন চিন্তা করলে কী হয় দেখুন:
-
ঘটনা: অফিসের একটি প্রেজেন্টেশন খুব ভালো হয়নি।
-
সুষম চিন্তা: “প্রেজেন্টেশনটি আশানুরূপ হয়নি, এটা ঠিক। কিন্তু এটাই শেষ নয়। আমি কোথায় ভুল করেছি দেখি এবং পরেরবার আরও ভালোভাবে প্রস্তুতি নেব।”
-
অনুভূতি: একটু খারাপ লাগলেও আশাবাদী, শেখার আগ্রহ।
-
আচরণ: ভুলগুলো বিশ্লেষণ করা, পরেরবারের জন্য প্রস্তুতি নেওয়া।
দেখতেই পাচ্ছেন, চিন্তা বদলানোর সাথে সাথেই অনুভূতি ও কাজের পরিবর্তন ঘটে।
CBT-তে কীভাবে কাজ করা হয়?
CBT-তে কিছু সহজ কৌশল শেখানো হয়। এর মধ্যে কয়েকটি হলো:
ক. বিকৃত চিন্তা চেনা (Cognitive Distortions):
আমরা অনেক সময় এমনভাবে চিন্তা করি যা পুরোপুরি সত্যি নয়। CBT আপনাকে শেখায় কীভাবে এই “মনের ফাঁদ” থেকে বেরিয়ে আসতে হয়।
এমন কিছু সাধারণ “মনের ফাঁদ”:
-
সব বা কিছুই না: “যদি আমি ১০০% নিখুঁত না হই, তাহলে আমি সম্পূর্ণ ব্যর্থ।”
-
অতিরিক্ত সাধারণীকরণ: “একবার পরীক্ষায় ফেল করেছি, মানে আমি কখনও পাস করব না।”
-
মনের কথা পড়া: “সে কথা বলল না, নিশ্চয়ই আমার ওপর রাগ করেছে।”
-
বড় করে দেখা: “হালকা জ্বর হয়েছে। নিশ্চয় আমার খুব বড় কোনো রোগ হয়েছে!”
খ. চিন্তার ডায়েরি (Thought Record):
এটি একটি খুব কার্যকরী কৌশল। এতে আপনি লিখবেন:
-
কোন ঘটনায় আপনার খারাপ লাগল।
-
কী কী নেতিবাচক চিন্তা মাথায় এল।
-
সেগুলোর পক্ষে এবং বিপক্ষে যুক্তি খুঁজবেন।
-
শেষে একটি বেশি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত চিন্তা করবেন।
গ. ধীরে ধীরে ভয় কমানো (Exposure):
যেসব জিনিস, জায়গা বা কাজে আপনার ভয় বা আতঙ্ক হয়, সেগুলোর সম্মুখীন হতে শেখানো হয়। তবে সেটা খুব ধীরে ধীরে এবং নিরাপদে। এতে ভয় কমে যায়।
ঘ. কাজের মাধ্যমে মন ভালো রাখা (Behavioral Activation):
খারাপ লাগলে আমরা কাজ করা বন্ধ করে দেই। CBT আপনাকে উল্টোটা করতে শেখায়। মন খারাপ থাকলেও আনন্দদায়ক বা সাফল্য আনার মতো ছোট ছোট কাজ করতে বলেন থেরাপিস্ট। কাজে মনোযোগ দিলে মন ভালো হয়ে আসে।
কোন কোন সমস্যায় CBT সাহায্য করে?
CBT নিম্নলিখিত সমস্যাগুলো সমাধানে খুবই কার্যকর:
-
দুশ্চিন্তা ও উদ্বেগ (Anxiety)
-
হতাশা বা ডিপ্রেশন (Depression)
-
ভয় বা ফোবিয়া (Phobia)
-
রাগ নিয়ন্ত্রণ
-
নিজেকে নিয়ে অতিরিক্ত সচেতনতা (Social Anxiety)
-
অনিদ্রা (Insomnia)
-
খাওয়ার সমস্যা (Eating Disorders)
সবশেষে
CBT কোনো জাদুকরী সমাধান নয়। এটি একটি কাঠামোগত প্রক্রিয়া, যার জন্য আপনার সক্রিয় অংশগ্রহণ জরুরি।
এটি আপনাকে শেখায় যে, আপনার চিন্তাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি আপনার চিন্তা বদলাতে শিখেন, তাহলে আপনার অনুভূতি এবং জীবন—দুটোই বদলে যাবে।
গুরুত্বপূর্ণ নোট: এই আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। মানসিক কোনো সমস্যা হলে অবশ্যই একজন যোগ্য মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের পরামর্শ নিন।

