ষাট গম্বুজ মসজিদ থেকে কচিখালী সৈকত
বাগেরহাট, খুলনা বিভাগ:
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক জেলা বাগেরহাটকে বলা হয় মসজিদের শহর। ইউনেস্কো ১৯৮৩ সালে এই শহরকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। ষাট গম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজার ও সুন্দরবনের কচিখালী সমুদ্র সৈকত—এই তিন গন্তব্য আজও ভ্রমণপিপাসুদের কাছে অনন্য আকর্ষণ।
ষাট গম্বুজ মসজিদ
বিশ্বখ্যাত ষাট গম্বুজ মসজিদ মূলত সুলতানি আমলের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। যদিও প্রকৃতপক্ষে মসজিদটির ৬০ নয়, মোট ৭৭টি গম্বুজ রয়েছে—৭০টি আড়াআড়ি এবং ৭টি চারকোণায়। কোনো শিলালিপি না থাকায় নির্মাণকাল নিয়ে মতভেদ আছে, তবে ধারণা করা হয় খান জাহান আলী ১৫শ শতকে এটি নির্মাণ করেন। রাজমহল থেকে আনা পাথর ও পোড়া ইটের সমন্বয়ে তৈরি এ মসজিদ একসময় প্রশাসনিক কেন্দ্র ও নামাজের স্থান হিসেবে ব্যবহৃত হতো।
খান জাহান আলীর মাজার
বাগেরহাটের সবচেয়ে শ্রদ্ধেয় স্থান হলো খান জাহান আলীর মাজার। তিনি ছিলেন একাধারে ধর্মপ্রচারক, সেনানায়ক ও জনপদ স্রষ্টা। গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের প্রতিনিধি হিসেবে ভাটি অঞ্চলে তিনি বসতি গড়ে তোলেন এবং “খলিফাত-ই-আবাদ” নাম দেন। তাঁর উদ্যোগে খনন করা বহু দীঘি আজও পানির চাহিদা মেটায়।
১৪৫৯ সালের ২৩ অক্টোবর তাঁর মৃত্যু হলে খাঞ্জেলী দীঘির পাড়ে সমাধি সৌধ নির্মিত হয়। সমাধিটি বর্গাকৃতি, প্রাচীরের উচ্চতা ২৫ ফুট এবং ছাদে রয়েছে একটি গম্বুজ। প্রতিবছর অগ্রহায়ণ মাসে এখানে অনুষ্ঠিত হয় ওরশ মোবারক, আর চৈত্র মাসে বসে ঐতিহ্যবাহী মেলা।
কচিখালী সমুদ্র সৈকত
বাগেরহাট শুধু ইতিহাস নয়, প্রকৃতির বন্য সৌন্দর্যের জন্যও সমান সমৃদ্ধ। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী সমুদ্র সৈকত হলো তার সেরা উদাহরণ। বঙ্গোপসাগরের মোহনা, কটকা নদী আর ম্যানগ্রোভ বনের মাঝখানে অবস্থিত এ সৈকতকে বলা হয় ভয়ংকর সুন্দর।
সৈকতে পৌঁছাতে হলে নৌকায় নদী পাড়ি দিয়ে প্রায় তিন কিলোমিটার বনের ভেতর হাঁটতে হয়। পথে দেখা মেলে চিত্রা হরিণ, মায়া হরিণ, বন্য শুকর, অজগর সাপ এবং মাঝে মাঝে রয়েল বেঙ্গল টাইগারের পদচিহ্ন। নদীর মোহনায় শুশুক, ডলফিন ও কুমিরও দেখা যায়। ৪০ ফুট উঁচু ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্তের দৃশ্য এক অন্য রকম অভিজ্ঞতা দেয়।
যাতায়াত
ঢাকার সায়দাবাদ ও গাবতলী থেকে মেঘনা, সোহাগ, হানিফ, শাকুরা, কমফোর্ট লাইনসহ বিভিন্ন পরিবহনের বাস নিয়মিত বাগেরহাটগামী যাত্রী পরিবহন করে। ভাড়া ৬৫০–৮০০ টাকা।
এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা পৌঁছে সেখান থেকে মাত্র এক ঘণ্টায় বাগেরহাট যাওয়া যায়। শহর থেকে খান জাহান আলীর মাজার মাত্র ৩ কিলোমিটার দূরে, পায়ে হেঁটে সহজেই পৌঁছানো সম্ভব।
আবাসন ও খাবার
বাগেরহাট শহরে মাঝারি মানের হোটেল যেমন হোটেল অভি, হোটেল মোহনা, হোটেল আল আমিন—যেখানে ৪০০ থেকে ১০০০ টাকায় রাত যাপন সম্ভব। উন্নত সুযোগ-সুবিধার জন্য অনেকেই কাছের খুলনা শহরে অবস্থান করেন।
খাবারের জন্য শহরের বাসস্ট্যান্ড ও মাজার এলাকায় স্থানীয় হোটেলগুলোতে ভাত, মাছ, মাংস ও দেশীয় খাবারের ব্যবস্থা আছে।
পর্যটন সম্ভাবনা
বিশেষজ্ঞরা মনে করেন, বাগেরহাট শুধু ঐতিহ্য নয়, অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। পর্যটনকেন্দ্রিক উদ্যোগ গ্রহণ, যোগাযোগ ও আবাসন ব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। স্থানীয়দের মতে, পর্যটকদের সুবিধার্থে আধুনিক রিসোর্ট, উন্নত মানের রেস্টুরেন্ট ও তথ্যকেন্দ্র প্রয়োজন।
ষাট গম্বুজ মসজিদে ইসলামী ঐতিহ্যের মহিমা, খান জাহান আলীর মাজারে আধ্যাত্মিক শান্তি আর কচিখালী সমুদ্র সৈকতে বন্য সৌন্দর্য—সব মিলিয়ে বাগেরহাট হলো ইতিহাস ও প্রকৃতির এক মিলনভূমি। এ কারণে প্রতিবছর হাজারো দেশি-বিদেশি পর্যটক এখানে ভিড় জমান।

