Bhutan
Bhutan

বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণ

ভুটান ভিসা গাইড: বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ভিসা তথ্য

ভুটান দক্ষিণ এশিয়ার একটি মনোমুগ্ধকর দেশ, যাকে বলা হয় “সুখী মানুষের দেশ।” ছোট-বড় পাহাড়, ঝর্ণা আর সবুজ অরণ্য ভুটানকে করেছে অপূর্ব প্রাকৃতিক স্বর্গরাজ্য। শান্ত পরিবেশ, ঠাণ্ডা হাওয়া আর আঁকাবাঁকা পাহাড়ি পথ প্রতিটি ভ্রমণকারীর মনে অন্যরকম আনন্দ যোগায়। প্রতিবছর হাজারো পর্যটক ভুটানে ছুটে যান এর অনন্য সৌন্দর্য উপভোগ করার জন্য। বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণ করা বেশ সহজ, এবং এর ভিসা প্রসেসও ঝামেলাহীন। চলুন ধাপে ধাপে জেনে নেই পুরো প্রক্রিয়াটি।

বাংলাদেশ থেকে ভুটান ভ্রমণের উপায়

ভুটান যেতে দুটি পথ আছে।

  1. বিমান পথে – ঢাকা থেকে সরাসরি ভুটান ফ্লাইট পাওয়া যায়।

  2. সড়ক পথে – বাংলাদেশ থেকে ভুটান যেতে হলে ভারত হয়ে প্রবেশ করতে হয়। এজন্য ভারতের ট্রানজিট ভিসা নিতে হবে।

সড়ক পথে ভ্রমণ করলে খরচ তুলনামূলক কম হয়। ঢাকা থেকে ভুটান যেতে প্রায় একদিন সময় লাগে। তবে বিমানে গেলে যাত্রা অনেক দ্রুত ও আরামদায়ক হয়।

ভুটান ভিসা প্রসেসিং (অন এরাইভাল ভিসা)

বাংলাদেশি নাগরিকদের ভুটানে যাওয়ার আগে কোনো ভিসা লাগেনা। ভুটানের যে কোনো এন্ট্রি পয়েন্টে পৌঁছালে সহজেই অন এরাইভাল ভিসা বা এন্ট্রি পারমিট পাওয়া যায়।

প্রথমে আপনাকে ৭ দিনের পারমিট দেওয়া হবে। এই পারমিটে আপনি রাজধানী থিম্পু (Thimphu) এবং পারো (Paro) ভ্রমণ করতে পারবেন। যদি অন্য অঞ্চলে যেতে চান অথবা ৭ দিনের বেশি অবস্থান করতে চান, তবে থিম্পুর ইমিগ্রেশন অফিস থেকে নতুন পারমিট নিতে হবে।

ভুটান অন এরাইভাল ভিসার জন্য যা লাগবে

ভুটানে পৌঁছানোর আগে কিছু কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এগুলো হলো:

  • কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট

  • পাসপোর্ট ইনফরমেশন পৃষ্ঠার একটি ফটোকপি

  • একটি পাসপোর্ট সাইজ ছবি

  • হোটেল বুকিং কনফার্মেশন

  • পূরণকৃত এন্ট্রি পারমিট ফরম (বিমানে বা ইমিগ্রেশন অফিস থেকে পাওয়া যাবে)

ফরমে সঠিক তথ্য দিতে হবে। বুঝতে অসুবিধা হলে ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞেস করলে সহায়তা পাবেন।

ভুটান ভিসা ফি

বাংলাদেশিদের জন্য ভুটানের অন এরাইভাল ভিসা সম্পূর্ণ ফ্রি।

সড়ক পথে ভ্রমণ: ভারতের ট্রানজিট ভিসা

সড়ক পথে ভুটান যেতে হলে ভারত হয়ে যেতে হয়। এজন্য ভারতীয় ট্রানজিট ভিসা প্রয়োজন। সাধারণত এই ভিসা ১৫ থেকে ৩০ দিনের জন্য দেওয়া হয়। প্রসেসিং সময় লাগে প্রায় ৭ থেকে ১০ দিন।

ভারতের ট্রানজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • ৬ মাস মেয়াদী পাসপোর্ট ও ফটোকপি

  • পূর্বে ভারত ভ্রমণ করলে সেই ভিসার কপি

  • পুরনো পাসপোর্ট (হারালে জিডি কপি জমা দিতে হবে)

  • অনলাইনে পূরণকৃত ভিসা ফরম (ভিসা টাইপ – ট্রানজিট, পোর্ট – চ্যাংরাবান্ধা/জয়গাঁও)

  • সাদা ব্যাকগ্রাউন্ডের ২×২ ইঞ্চি ছবি

  • ঢাকা থেকে ভুটানগামী বাস টিকিটের কপি

  • ভুটানে হোটেল বুকিং কনফার্মেশন

  • এনআইডি বা জন্মসনদের কপি

  • বর্তমান ঠিকানার বিদ্যুৎ বা গ্যাস বিল

  • ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্ট কপি

  • চাকরিজীবীদের জন্য এনওসি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, ছাত্রছাত্রীদের জন্য আইডি কার্ডের কপি

ভ্রমণ সতর্কতা

  • ভুটানে অবস্থানের সময় পারমিট সঙ্গে রাখুন।

  • অনুমতি ছাড়া সীমান্ত এলাকা বা সংরক্ষিত অঞ্চলে প্রবেশ করবেন না।

  • ভুটানের সংস্কৃতি ও নিয়ম মেনে চলুন।

  • হোটেল বুকিং ও ফেরার টিকিট আগে থেকে কনফার্ম করুন।

  • পাহাড়ি পথ ভ্রমণে সাবধান থাকুন এবং প্রয়োজনে গাইড নিন।

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভুটান ভ্রমণ সহজ, সাশ্রয়ী এবং ঝামেলাহীন। অন এরাইভাল ভিসা, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, এবং অতিথিপরায়ণ মানুষ ভ্রমণকে করে তোলে আনন্দময়। ভ্রমণের আগে সব কাগজপত্র প্রস্তুত রাখলে যাত্রা হবে নির্ভার।

সূত্র: vromonguide.com
নোট: অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply