নিজেকে উপস্থাপন করুন আত্মবিশ্বাসের সঙ্গে
চাকরির ইন্টারভিউ মানেই কেবল প্রশ্নোত্তরের আনুষ্ঠানিকতা নয়—এটি একধরনের নিজের সামর্থ্য তুলে ধরার সুযোগ। আপনি কীভাবে নিজের কথা বলছেন, অজানা প্রশ্নে কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন, শরীরী ভাষা কী বার্তা দিচ্ছে—এসবই ইন্টারভিউয়ারদের দৃষ্টিগোচর হয়। তাই ইন্টারভিউতে ভালো করতে হলে প্রস্তুতির বিকল্প নেই।
প্রস্তুতির পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করছেন। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট কৌশল অনুসরণ করলে ইন্টারভিউর সময় আপনি হতে পারেন আরও আত্মবিশ্বাসী, ধীরস্থির ও প্রভাবশালী। নিচে এমনই কয়েকটি কার্যকর কৌশল তুলে ধরা হলো—
প্রশ্ন শোনার পর বিরতি নিন
প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করলে অনেক সময় উত্তর এলোমেলো হতে পারে। তাই উত্তর দেওয়ার আগে এক-দুই সেকেন্ড ভেবে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে কথাগুলো গুছিয়ে বলা সহজ হবে।
না জানলে স্বীকার করে নিন
সব প্রশ্নের উত্তর জানা সম্ভব নয়, আর সেটা কেউ আশা করে না। প্রশ্নের উত্তর না জানা থাকলে মিথ্যা বলার পরিবর্তে তা নম্রভাবে স্বীকার করুন। এতে আপনার সততা ও পেশাদারিত্ব প্রতিফলিত হবে।
ক্যারিয়ারে বিরতির কারণ লুকাবেন না
ক্যারিয়ার পরিবর্তন কিংবা কিছুদিন বিরতি নেওয়া—এই অভিজ্ঞতা অনেকেরই হয়। তা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। বরং স্বচ্ছভাবে জানিয়ে দিন কেন বিরতি নিয়েছিলেন। এটি আত্মবিশ্বাসেরই প্রকাশ।
সময়জ্ঞান অত্যন্ত জরুরি
ইন্টারভিউতে যথাসময়ে পৌঁছানোই শ্রেয়। খুব তাড়াতাড়ি গিয়ে বসে থাকলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, আবার দেরি করলে আপনার সময়জ্ঞান প্রশ্নবিদ্ধ হবে। তাই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে উপস্থিত হতে চেষ্টা করুন।
প্রতিষ্ঠানের সম্পর্কে আগে থেকেই জেনে নিন
ইন্টারভিউর আগেই প্রতিষ্ঠানটির কাজ, উদ্দেশ্য, সাফল্য বা সাম্প্রতিক প্রকল্প সম্পর্কে জেনে রাখা বুদ্ধিমানের কাজ। এতে প্রশ্নের উত্তর আরও আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া যাবে।
শারীরিক ভাষার ওপর নজর দিন
ইন্টারভিউর সময় আপনার ভঙ্গিমা, চোখের দৃষ্টি, হাতের নড়াচড়া সবই ইঙ্গিত দেয় আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের। সোজা হয়ে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন এবং নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করুন।
আত্মবিশ্বাসই চাবিকাঠি
সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—নিজের ওপর আস্থা রাখা। মনে রাখবেন, আপনি কেবল চাকরি চাইছেন না, আপনি সেই কাজের জন্য যোগ্য প্রার্থী। আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা আপনাকে এগিয়ে নেবে।
অতিরিক্ত তথ্য: ভার্চুয়াল ইন্টারভিউয়ের বাড়তি প্রস্তুতি
বর্তমানে অনেক প্রতিষ্ঠানে ভার্চুয়াল ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে। তাই অনলাইন ইন্টারভিউয়ের জন্য ইন্টারনেট সংযোগ, ক্যামেরা, মাইক ইত্যাদি ঠিকঠাক আছে কিনা তা আগেভাগে নিশ্চিত হয়ে নিন। পাশাপাশি নিরিবিলি পরিবেশে বসে ইন্টারভিউ দিন যেন মনোযোগে ব্যাঘাত না ঘটে।
সূত্র: ইত্তেফাক/টিএইচ

