ঘরের মাল্টিপ্লাগ ব্যবহার: কোন যন্ত্রে লাগানো ঝুঁকিপূর্ণ
আজকাল প্রায় প্রতিটি পরিবারের ঘরে মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা হয়। টেলিভিশন, চার্জার, ল্যাম্প বা রাউটার—সবকিছুর জন্য এটি সহজ ও সুবিধাজনক। তবে, বিশেষ কিছু বৈদ্যুতিক যন্ত্র মাল্টিপ্লাগে সংযুক্ত করা বিপজ্জনক হতে পারে। ভুল ব্যবহার শুধু যন্ত্রের ক্ষতি নয়, কখনও কখনও আগুন লাগারও কারণ হয়ে দাঁড়ায়।
ফ্রিজ ও ডিপ ফ্রিজ
ফ্রিজ এবং ডিপ ফ্রিজ সবসময় চালু থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’-এর সহ-সভাপতি ড্যানিয়েল মক জানিয়েছেন, “ফ্রিজ বা ফ্রিজার মাল্টিপ্লাগে লাগালে সার্কিট ট্রিপ করতে পারে, যন্ত্র নষ্টের পাশাপাশি বিদ্যুৎও বন্ধ হয়ে যেতে পারে।” ‘লাইভওয়্যার ইলেকট্রিক্যাল’-এর প্রধান ববি লিন বলেন, “এই যন্ত্রগুলো প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে। মাল্টিপ্লাগে লাগালে ভোল্টেজ ওঠানামার কারণে কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হয়, যা যন্ত্রের আয়ু কমিয়ে দেয়।” তাই ফ্রিজ–ফ্রিজার সবসময় দেয়ালের সরাসরি সকেটে সংযুক্ত করা উচিত।
মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ চালু হলে ১২–১৫ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন, যা সাধারণ মাল্টিপ্লাগ সহ্য করতে পারে না। ড্যানিয়েল মক জানান, “মাল্টিপ্লাগে মাইক্রোওয়েভ লাগালে সার্কিট ওভারহিট হতে পারে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।” রান্নাঘরে সকেটের অভাব হলে পেশাদার ইলেকট্রিশিয়ানের মাধ্যমে নতুন সকেট স্থাপন করাই নিরাপদ।
ছোট রান্নাঘরের যন্ত্রপাতি
কফি মেকার, টোস্টার, ব্লেন্ডারের মতো ছোট যন্ত্রও অনেক বিদ্যুৎ খায়। ড্যানিয়েল মক বলেন, “টোস্টারের গরম করার তার সক্রিয় করতে বেশি বিদ্যুৎ লাগে। মাল্টিপ্লাগে লাগালে তারের ইন্সুলেশনে সমস্যা হতে পারে।” অনেক সময় এই যন্ত্র মাল্টিপ্লাগে লাগানোর কারণে তারের ইন্সুলেশন পুড়ে যায় এবং অগ্নিকাণ্ডের কারণ হয়।
স্পেস হিটার ও এয়ার কন্ডিশনার
সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রগুলোর মধ্যে স্পেস হিটার ও এয়ার কন্ডিশনার আছে। ববি লিন বলেন, “মাল্টিপ্লাগে লাগালে আগুন লাগার ঝুঁকি থাকে।” প্রয়োজনে ভারী মানের, সঠিক রেটের এক্সটেনশন কর্ড ব্যবহার করতে হবে।
হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেইটনার
স্বল্প সময়ে প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে এমন যন্ত্র সরাসরি দেয়ালের সকেটে লাগানোই নিরাপদ। ববি লিন বলেন, “মাল্টিপ্লাগে লাগালে অল্প সময়ে অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ড হতে পারে।”
চিকিৎসা–সংক্রান্ত যন্ত্র
সিপিএপি মেশিন বা অক্সিজেন কনসেন্ট্রেটর মতো জীবনরক্ষাকারী যন্ত্রের জন্য স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। মাল্টিপ্লাগে সংযোগে হঠাৎ বিদ্যুৎ ওঠানামায় যন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা জীবনহানির ঝুঁকি তৈরি করে।
গেমিং কম্পিউটার ও হাই–এন্ড অডিও সিস্টেম
ডব্লিউজি হিকম্যান জানান, “গেমিং কম্পিউটার বা হাই-এন্ড অডিও সিস্টেম সাধারণ মাল্টিপ্লাগে লাগানো উচিত নয়। এ জন্য ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করা উত্তম।”
ডেইজি–চেইনিং (মাল্টিপ্লাগে মাল্টিপ্লাগ)
অনেকে এক মাল্টিপ্লাগে আরেকটি লাগিয়ে ব্যবহার করেন। ড্যানিয়েল মক বলেন, “এভাবে ব্যবহার করলে অতিরিক্ত লোড পড়ে এবং সার্কিট ব্রেকার কাজ না করলে আগুন লাগতে পারে।” সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করতে সার্কিট ব্রেকারযুক্ত মাল্টিপ্লাগ ব্যবহার করা উচিত।
নিরাপদ ব্যবহার
ডব্লিউজি হিকম্যান সহজভাবে বলেন, “যে যন্ত্র থেকে তাপ উৎপন্ন হয়, যাদের মধ্যে মোটর আছে বা যা ১,০০০ ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, সেগুলো কখনও মাল্টিপ্লাগে লাগানো উচিত নয়।” ফোন চার্জার, টেবিল ল্যাম্প বা ছোট ইলেকট্রনিক্সের জন্য মাল্টিপ্লাগ ব্যবহার নিরাপদ, তবে ভারী যন্ত্রের জন্য সরাসরি দেয়ালের সকেটই সঠিক।

