আত্মবিশ্বাস কি এবং কেন গুরুত্বপূর্ণ
আত্মউন্নয়ন ব্যক্তিত্ব বিকাশের অন্যতম প্রধান উপাদান। উচ্চতর শিক্ষা না থাকলেও আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধির মাধ্যমে আত্মউন্নয়ন সম্ভব। এটি অভিবাসী নারী শ্রমিকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, বিদেশে সম্পূর্ণ নতুন পরিবেশে, পরিচিত জনদের থেকে দূরে কাজ করার সময়, কেবল আত্মবিশ্বাস ও মনোবলই তাদের এগিয়ে যেতে সহায়তা করে।
ব্যক্তিত্ব কি?
ব্যক্তিত্ব মানে শুধু গাম্ভীর্য বা ভাবগম্ভীরতাই নয়, বরং এটি কর্মদক্ষ, আকর্ষণীয় চরিত্রের প্রতিফলন। অনেকেই মনে করেন যে, ব্যক্তিত্ব মানেই মার্জিত পোশাক-আশাক বা রাশভারী আচরণ। তবে এটি সঠিক নয়। বরং ব্যক্তিত্বের প্রকৃত প্রকাশ ঘটে একজন ব্যক্তির আচরণ, বাকভঙ্গি, আচার-আচরণ, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীলতা এবং কাজের প্রতি নিষ্ঠা থেকে। আর্কষণীয় ব্যক্তিত্ব গড়ে ওঠে শুদ্ধ উচ্চারণ, মার্জিত পোশাক, হাসিখুশি মনোভাব এবং পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতার উপর নির্ভর করে। ব্যক্তিত্বের মূল উপাদান হলো মানোবল, পরিচ্ছন্ন পোশাক, যথাযথ আচরণ, শব্দের সঠিক ব্যবহার, স্পষ্ট ও ধৈর্যশীলভাবে কথা বলা, এবং সহানুভূতিশীলতা।
ব্যক্তিত্ব ও আচরণ ভিন্ন হওয়ার কারণ
- ব্যক্তির বিশ্বাস ও মূল্যবোধ
- সংস্কৃতিগত পটভূমি
- শিক্ষাগত অবস্থান
- সামাজিক পরিপ্রেক্ষিত
- ভৌগলিক ও পরিবেশগত প্রভাব
- প্রত্যাশার পার্থক্য
তবে সঠিক চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব।
পেশাদার মনোভাব অর্জন
প্রত্যেক ব্যক্তিরই নিজ পেশায় সফল হওয়ার জন্য সচেষ্ট থাকা উচিত। একজন অভিবাসী নারী, যিনি গৃহপরিচর্যায় নিয়োজিত, তার পেশাগত সফলতার জন্য কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখা জরুরি। পেশাদারিত্ব অর্জনের ক্ষেত্রে মনে রাখার বিষয়গুলো হলো: নিয়োগকর্তার নির্দেশাবলী মনোযোগ সহকারে শোনা, কোনো বিষয় বুঝতে না পারলে তা পুনরায় জিজ্ঞাসা করা বা প্রথমে হাতে কলমে দেখানোর অনুরোধ করা।
এছাড়া, সহকর্মীদের সাথে কাজ ভাগ করে নেওয়া, নিজেকে প্রমাণের প্রবণতা কমানো, অবসাদগ্রস্ত না হওয়া এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার। সৃজনশীলতা কাজে লাগিয়ে উদ্যোগী ভূমিকা পালন করা একজন দক্ষ ও সফল পেশাদারের পরিচায়ক।
এভাবে, আত্মবিশ্বাস, দৃঢ় ব্যক্তিত্ব ও পেশাদারি মনোভাবের মাধ্যমে একজন ব্যক্তি তার পেশাগত জীবনে এগিয়ে যেতে পারেন।

