হালিমা ইয়াকুব: সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট এবং মুসলিম নারীর সাফল্যের মূর্ত প্রতীক
বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এক নাম হলো হালিমা ইয়াকুব। সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট এবং মুসলিম নারী হিসেবে তার নির্বাচিত হওয়া শুধু ঐতিহাসিক নয়, বরং এটি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। তার পুরো নাম হালিমা বিনতে ইয়াকুব।
জন্ম ও শৈশব
১৯৫৪ সালের ২৩ আগস্ট সিঙ্গাপুরের কুইন স্ট্রিটে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হালিমা। তার পিতা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম, আর মাতা মালয় বংশোদ্ভূত। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। মাত্র ৮ বছর বয়সে তার বাবা মারা যান। বাবার মৃত্যুতে তাদের পরিবারের আর্থিক অবস্থা ভেঙে পড়ে। তার মা খাবারের স্টলে কাজ করে সংসার চালাতেন, আর হালিমা স্কুলে যাওয়ার পথে মাকে কাজে সাহায্য করতেন।
শিক্ষা ও সংগ্রাম
হালিমা তানজং ক্যানটং গার্লস স্কুলে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তী সময়ে সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার সময় তাকে দারিদ্র্য আর সামাজিক বাধার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। নিজেকে অনেকবার কঠিন পরিস্থিতিতে আত্মসমর্পণ করার কথা ভাবলেও, তার ধর্মীয় বিশ্বাস এবং আত্মপ্রত্যয় তাকে জীবনের পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়।
পেশাগত জীবন
১৯৭৮ সালে ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসে (NTUC) একজন আইন কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন হালিমা। ৩০ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন দায়িত্বে দক্ষতার সাথে কাজ করেছেন এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে উন্নীত হন।
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গোহ চোক টংয়ের আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দেন। ধারাবাহিকভাবে চারটি সাধারণ নির্বাচনে জয়লাভ করেন এবং ২০১১ সালে সামাজিক উন্নয়ন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি সিঙ্গাপুর সংসদের প্রথম নারী স্পিকার হিসেবে নিযুক্ত হন।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া
২০১৭ সালের ১১ সেপ্টেম্বর, সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট এবং প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে তার নির্বাচিত হওয়া নিশ্চিত হয়। তার এই পদক্ষেপ শুধু সিঙ্গাপুরের নয়, বরং বিশ্বের সব নারীর জন্য একটি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
ব্যক্তিগত জীবন
হালিমা ১৯৮০ সালে ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ আল-হাবসিকে বিয়ে করেন। তাদের পাঁচ সন্তান রয়েছে।
অর্জন ও স্বীকৃতি
হালিমা ইয়াকুব কর্মজীবনে নানা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
২০০১: The Berita Harian/McDonald’s Achiever Award
২০০৩: Her World Woman of the Year Award
২০১১: The AWARE Heroine Award
উৎসাহ ও অনুপ্রেরণা
হালিমা ইয়াকুবের জীবন একটি বাস্তব উদাহরণ, কীভাবে দারিদ্র্য, বৈষম্য, এবং সামাজিক বাধাকে অতিক্রম করে একজন নারী সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন। নিজের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, এবং ব্যক্তিগত স্বাতন্ত্র্য বজায় রেখে হালিমা প্রমাণ করেছেন যে, সমৃদ্ধির পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
হালিমা ইয়াকুব আজ শুধু সিঙ্গাপুরের নয়, বরং গোটা বিশ্বের নারীদের জন্য এক অনুপ্রেরণা এবং আদর্শের নাম।

