বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা—যার আয়তন প্রায় ৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার, বিস্তৃত গোটা উত্তর আফ্রিকা মহাদেশের মধ্যভাগ জুড়ে। আজ এটি রুক্ষ, শুষ্ক, ধূসর বালুর এক অন্তহীন সমুদ্র। চারদিকে বালু, শিলাময় উঁচু পাহাড়, আর তপ্ত সূর্যের দগদগে তাপ—যেন এক অনন্ত নিঃসঙ্গতার দেশ। কোথাও নেই জলধারা, নেই বৃক্ষের ছায়া কিংবা সবুজের আভাস।
কিন্তু বিজ্ঞানীরা বলেন, সাহারার এই রুক্ষ চেহারা আজকের নয়। প্রায় ১০,০০০ বছর আগে এই মরুভূমি ছিলো এক সবুজ ও প্রাণবন্ত ভূমি—যেখানে ছিলো গাছপালা, নদী, হ্রদ, বন্যপ্রাণী এবং মানুষের বসবাস।
আধুনিক প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় সাহারার বুক থেকে আবিষ্কৃত হয়েছে বহু আশ্চর্য নিদর্শন। দক্ষিণ আলজেরিয়ার তাসিলি-এন-আজিয়ার (Tassili n’Ajjer) নামক এলাকায় একটি পর্বতগুহায় পাওয়া গেছে অসংখ্য গুহাচিত্র (Cave Paintings)—যা প্রায় ৬,০০০ থেকে ১০,০০০ বছর পুরনো।
এই চিত্রগুলোয় দেখা যায় গুহামানবদের শিকার, নৃত্য ও পারিবারিক জীবনের দৃশ্য। আঁকা রয়েছে সিংহ, বুনো মহিষ, গন্ডার, এন্টেলোপ, ও হাতি—যারা আজকের সাহারায় একটিও দেখা যায় না। এইসব প্রাণী সাধারণত বনাঞ্চলে বসবাস করে, যা প্রমাণ করে যে এক সময় সাহারা ছিলো ঘন বনভূমি ও সবুজ তৃণভূমিতে ভরা।
তাসিলির আরেক গুহাচিত্রে দেখা গেছে মানুষ গরু, ছাগল, ও ভেড়াকে মাঠে চরাচ্ছে। গবেষকরা অনুমান করেন, সেই সময় সাহারায় ছিলো উর্বর জমি ও জলাধার, যার চারপাশে গড়ে উঠেছিলো কৃষিনির্ভর সমাজব্যবস্থা।
তারা তখন চাষাবাদ করতো, পশুপালন করতো, এবং ছোট ছোট গ্রামে বসবাস করতো। মানে, মরুভূমির বুকেও একসময় ছিলো এক প্রাণচঞ্চল সভ্যতা—এক সুজলা-সুফলা সবুজ আফ্রিকা।
তবে সেই স্বর্ণযুগ বেশিদিন টিকলো না। ধীরে ধীরে সাহারার জলবায়ু বদলাতে শুরু করলো। প্রায় ৫,০০০ বছর আগে, পৃথিবীর অক্ষ পরিবর্তন ও সূর্যরশ্মির প্রকৃতিতে পরিবর্তনের ফলে বৃষ্টিপাত কমে আসে। নদী-হ্রদ শুকিয়ে যেতে থাকে, গাছপালা বিলুপ্ত হয়, মাটির উর্বরতা হারায়।
মরুভূমির বালু ধীরে ধীরে গ্রাস করে নেয় সবুজ তৃণভূমি ও মানব বসতি। মানুষ বাধ্য হয় উত্তর ও দক্ষিণে সরে যেতে—কেউ নাইল নদীর তীরে, কেউ সাহেল অঞ্চলে আশ্রয় নেয়। প্রাচীন বসতিগুলো পরিত্যক্ত হয়ে যায়; ধীরে ধীরে বালুর নিচে চাপা পড়ে যায় তাদের অস্তিত্ব।
আজকের স্যাটেলাইট ইমেজ ও জলবায়ুবিদদের বিশ্লেষণ বলছে, সাহারার তলদেশে এখনও লুকিয়ে আছে প্রাচীন হ্রদের অবশেষ ও ভূগর্ভস্থ নদীর চিহ্ন। নাসার এক গবেষণায় দেখা গেছে, সাহারার নিচে বিশাল নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম রয়েছে—যা পৃথিবীর অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ জলাধার।
বিজ্ঞানীরা আশাবাদী, ভবিষ্যতে এই জলসম্পদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাহারার কিছু অংশে পুনরায় সবুজায়ন ঘটানো সম্ভব হতে পারে। ইতোমধ্যে আফ্রিকার “Great Green Wall Project” নামে একটি উদ্যোগ চলছে, যার লক্ষ্য সাহারার দক্ষিণপ্রান্তে গাছ লাগিয়ে মরুভূমির বিস্তার রোধ করা।
আজকের শুষ্ক সাহারা এক সময় ছিলো নদী, তৃণভূমি ও জীবনের স্পন্দনে ভরা এক জনপদ। প্রকৃতি তার নিয়মে বদলেছে, কিন্তু বালুর নিচে লুকিয়ে থাকা গুহাচিত্রগুলো এখনও বলে চলে মানুষের টিকে থাকার কাহিনি।
সাহারার এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতি কখনও স্থির নয়, পরিবর্তনই তার প্রকৃত রূপ।
ছবি: ইন্টারনেট

