গুহামানব: মানুষের সভ্যতার সূচনা

গুহামানব: মানুষের সভ্যতার সূচনা

গুহামানব: মানুষের সভ্যতার সূচনা

আজকের পৃথিবীতে আমরা যে আধুনিক সমাজে বাস করছি—উঁচু দালানকোঠা, প্রযুক্তিনির্ভর জীবন আর আরাম-আয়েশে ভরা পরিবেশ—তা কোনো এক দিনে গড়ে ওঠেনি। এই সভ্যতার শুরু হয়েছে বহু হাজার বছর আগে, যখন মানুষ ছিল একেবারেই অসভ্য ও আদিম। তখনকার মানুষ ঘর-বাড়ি চিনতো না, কৃষিকাজ জানতো না, এমনকি আগুন ব্যবহার করাও শিখেনি। তারা বনে-জঙ্গলে ঘুরে বেড়াতো, খাদ্যের জন্য শিকার করতো, আর আশ্রয়ের জন্য পাহাড়ের গুহায় প্রবেশ করতো। সেই সময়ের মানুষদেরই বলা হয় গুহামানব (Cave Man)।

গুহামানবরা ছিল পৃথিবীর প্রাগৈতিহাসিক যুগের মানুষ। ইতিহাসবিদরা মনে করেন, তারা প্রায় ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতো। এদের অন্যতম প্রতিনিধি ছিল নিয়ান্ডারথাল মানুষ (Neanderthal Man)। এরা মূলত ইউরোপ, এশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন স্থানে বসবাস করতো। দেখতে তারা ছিল খাটো, মজবুত শরীরের গঠন, কুঁজো হয়ে হাঁটা, এবং মুখে লোমে ঢাকা। তাদের চোখের ভুরু ঘন লোমে আচ্ছাদিত ছিল, মুখ ছিল রুক্ষ এবং চোয়াল ছিল বড় ও শক্ত। উচ্চতায় তারা ছিল প্রায় পাঁচ ফুট।

যদিও নিয়ান্ডারথালদের মস্তিষ্কের আকার আধুনিক মানুষের প্রায় সমান ছিল, তাদের জীবনযাত্রা ছিল খুবই আদিম। তারা গুহার সামনে বা প্রবেশমুখে বাস করতো, ভেতরের অন্ধকার অংশে যেতে ভয় পেতো। তাদের গুহাগুলো ছিল অপরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত এবং ভয়ঙ্কর। তবে প্রকৃতির রোষ—রোদ, বৃষ্টি, ঝড় বা বরফ—থেকে বাঁচার জন্য তারা এই গুহাগুলোকেই আশ্রয় হিসেবে বেছে নিয়েছিল। একেকটি গুহায় একেকটি পরিবার বা দল দীর্ঘদিন ধরে বাস করতো।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিয়ান্ডারথালদের জীবনধারায় সামান্য পরিবর্তন আসে। তারা আগুন ব্যবহার করতে শেখে, পশুর চামড়া দিয়ে শরীর ঢাকতে শুরু করে এবং পাথরের তৈরি অস্ত্র দিয়ে শিকার করতো। এই পরিবর্তনগুলোই তাদের ধীরে ধীরে সভ্যতার দিকে এগিয়ে দেয়।

এরপর আসে ক্রো-ম্যাগনন মানুষ (Cro-Magnon Man)। তারা নিয়ান্ডারথালদের তুলনায় অনেক উন্নত ছিল। এই মানুষরাই প্রথম গুহার দেয়ালে ছবি আঁকা শুরু করে, আগুন ব্যবহার করে খাবার রান্না করতো এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতো। মানুষের সংখ্যা বাড়তে থাকায় গুহাগুলো যথেষ্ট হচ্ছিল না, তাই তারা নিজেরাই বাসগৃহ তৈরি করতে শুরু করে। কেউ পাহাড় কেটে গর্ত বানাতো, কেউ বড় পাথর ও মাটি মিশিয়ে ঘর বানাতো।

এইভাবেই মানুষের নিজের হাতে ঘর বানানোর শুরু হয়। সেই ছোট্ট উদ্যোগ থেকেই আজকের আধুনিক নগরজীবনের ভিত্তি রচিত হয়। গুহামানব থেকে আধুনিক মানুষে রূপান্তরের এই দীর্ঘ যাত্রাই প্রমাণ করে, মানুষ সব সময়ই উন্নতির পথ খুঁজে নিয়েছে—অন্ধকার গুহা থেকে আলোয় ভরা সভ্যতার পথে।

সূত্র: জ্ঞানের কথা
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: wikipedia.org

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply