মর্মনরা কি কি বিশ্বাস করে?
মর্মনরা একটি ধর্মীয় গোষ্ঠী, যারা খ্রিস্টধর্মের ধারণার পাশাপাশি তাদের প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথের প্রকাশিত বাক্যগুলোকে গ্রহণ করে। তারা মূলত দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস (এলডিএস) এর অন্তর্গত, যার সদর দপ্তর উটাহের সল্ট লেক সিটিতে অবস্থিত এবং বিশ্বব্যাপী ১ কোটি ৬০ লক্ষেরও বেশি সদস্য রয়েছে। আরেকটি মর্মন সম্প্রদায়, কমিউনিটি অফ ক্রাইস্ট, মিসৌরির ইন্ডিপেন্ডেন্সে কেন্দ্রীভূত এবং এর প্রায় ২,৫০,০০০ সদস্য রয়েছে। ১৮৩০ সালে মর্মনের বই প্রকাশের মাধ্যমে এই ধর্মটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
মর্মনরা যা বিশ্বাস করে
* মর্মনরা নিজেদের খ্রিস্টান মনে করলেও, অনেক খ্রিস্টান সম্প্রদায় মর্মনবাদের স্বতন্ত্র বিশ্বাস ও অনুশীলনের কারণে তাদের খ্রিষ্টান হিসেবে স্বীকৃতি দেয় না।
* মর্মনরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, পুনরুত্থান এবং দেবত্বে বিশ্বাস করে। তাদের মতে, ঈশ্বর যীশুর মৃত্যুর পর আরও নবী পাঠিয়েছেন এবং আধুনিক সময়ে মূল গির্জা পুনরুদ্ধার হয়েছে।
* তাদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে খ্রিস্টীয় বাইবেল, মর্মনের বই, মতবাদ এবং চুক্তি, এবং মহান মূল্যের মুক্তা।
* এলডিএস গির্জা বা মর্মনদের মতে, আদম এবং ইভ ইডেন উদ্যান থেকে বিতাড়িত হওয়ার পর মিসৌরির ডেভিস কাউন্টিতে বসবাস করতেন। যা সাধারণ খ্রিষ্টানরা বিশ্বাস করে না।
* মর্মনবাদের মতে, স্বর্গের তিনটি স্তর রয়েছে: স্বর্গীয়, স্থলজ, এবং টেলিস্টিয়াল। তাদের মতে স্বর্গীয় রাজ্যে থাকা ব্যক্তিরা কেবল ঈশ্বরের উপস্থিতিতে বাস করবে।
* তারা ত্রিত্বের খ্রিস্টীয় ধারণাকে স্বীকার করে না; বরং বিশ্বাস করে পিতা, পুত্র, এবং পবিত্র আত্মা তিনটি পৃথক দেবতা।
* তারা দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস মর্মনবাদের প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথকে নবী হিসেবে মান্য করে।
* মর্মনরা কঠোর স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করে, যা মদ, তামাক, কফি, বা চা পান করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়।
* পারিবারিক জীবন, সৎকর্ম, কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা, এবং মিশনারি কাজ মর্মনবাদের গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এটি তাদের মূলনীতি।
* তাদের পোশাকের রীতিনীতির মধ্যে ধর্মীয় তাৎপর্যপূর্ণ বিশেষ অন্তর্বাস পরা অন্তর্ভুক্ত, যা “মন্দিরের পোশাক” নামে পরিচিত এবং প্রাপ্তবয়স্ক সদস্যরা ঈশ্বরের কাছে পবিত্র প্রতিশ্রুতি দেওয়ার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে পরিধান করেন।
* সব মর্মন গির্জা “মর্মন” শব্দটি গ্রহণ করে না, কারণ এটি কখনও কখনও অবমাননাকরভাবে ব্যবহৃত হয়েছে এবং মর্মনের বই ও জোসেফ স্মিথের শিক্ষা অনুসরণকারী বিভিন্ন গির্জার মধ্যে বিদ্যমান বিভিন্ন বিশ্বাসকে প্রতিফলিত করে না।
* ১৮৫৭ সালে, রাষ্ট্রপতি বুকানন উটাহের গভর্নর হিসেবে একজন অ-মর্মনকে নিয়োগ করার ফলে মর্মন সম্প্রদায় এবং মার্কিন সরকারের মধ্যে সশস্ত্র সংঘর্ষের সূত্রপাত ঘটে, যেখানে ১২০ জনেরও বেশি নিরীহ মানুষ প্রাণ হারান। মূলত উটাহ এলাকায় মর্মনদের বাস।
বর্তমানে, এলডিএস গির্জা মার্কিন যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা, কানাডা, ইউরোপ, ফিলিপাইন, আফ্রিকা, এবং ওশেনিয়ার কিছু অংশে সর্বাধিক প্রচলিত। যদিও মর্মনরা অনেক খ্রিস্টীয় বিশ্বাসকে গ্রহণ করে, তাদের নিজস্ব দর্শন, মূল্যবোধ, এবং অনুশীলনের একটি স্বতন্ত্র কাঠামো রয়েছে।
হিস্টরি ডট কম অবলম্বনে: জাহাঙ্গীর আলম শোভন

