“তুমি ক্লাসে ফেল করেছ? তুমি তো কিছুই করতে পারবে না”—এমন কথায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্বের বহু সফল ব্যক্তি জীবনের শুরুতে পড়াশোনায় ভালো ছিলেন না, এমনকি পরীক্ষায় ফেলও করেছেন। কিন্তু তারা দমে যাননি, ব্যর্থতাকে রূপ দিয়েছেন সাফল্যের সিঁড়িতে।
শিক্ষাগত ডিগ্রি নয়, জীবনে সাফল্যের আসল চাবিকাঠি হলো আত্মবিশ্বাস, দৃষ্টিভঙ্গি এবং নিরলস পরিশ্রম। এই প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই কিছু ব্যক্তিত্ব, যারা একসময় ‘ব্যর্থ’ বলে বিবেচিত হলেও সময়ের পালায় হয়ে উঠেছেন পৃথিবীর অনুপ্রেরণা।
জ্যাক মা: ব্যর্থতা যার প্রেরণা
চীনের বিখ্যাত ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণিতে পেয়েছিলেন মাত্র ১ নম্বর। বারবার চেষ্টা করেও কোনো নামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি। চাকরির ক্ষেত্রেও ছিল একের পর এক প্রত্যাখ্যান। কেএফসিতে আবেদন করেছিলেন ২৪ জনের সঙ্গে, চাকরি পান ২৩ জন—ছাঁটাই হন কেবল তিনিই।
তবু হার মানেননি। নিজের বাড়ি থেকেই শুরু করেন আলিবাবার যাত্রা। বিনিয়োগকারী থেকে শুরু করে সমাজ, সবাই তার পরিকল্পনাকে অবজ্ঞা করেছিল। কিন্তু একসময় তার সাহসী চিন্তা ও নেতৃত্ব আলিবাবাকে পৌঁছে দেয় বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর তালিকায়।
স্টিভ জবস: ডিগ্রি ছাড়াও সম্ভব অসাধ্য
অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস কলেজে ভর্তি হয়েও তা শেষ করেননি। নিয়মিত পড়াশোনার চেয়ে তার মনোযোগ ছিল উদ্ভাবনী চিন্তায়। মাত্র ২০ বছর বয়সে গ্যারেজে বসে অ্যাপল প্রতিষ্ঠা করেন।
এক সময় তাকে নিজ প্রতিষ্ঠানের বাইরে ছুঁড়ে ফেলা হয়। কিন্তু সেখান থেকেই উঠে দাঁড়িয়ে আবারো গড়ে তোলেন প্রযুক্তির বিপ্লব। তার হাত ধরেই আসে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক—যা বদলে দেয় বিশ্ব।
বিল গেটস: হার্ভার্ড ছেড়ে মাইক্রোসফট
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শেষ করেননি। বরং সেই সময়েই গড়ে তোলেন মাইক্রোসফট। ডিগ্রি ছাড়াও যে সাফল্য সম্ভব, গেটস তা নিজ জীবন দিয়ে প্রমাণ করেছেন।
ধীরুভাই আম্বানি: দোকান থেকে শুরু
ভারতের অন্যতম শিল্পপতি ধীরুভাই আম্বানি স্কুলজীবনে ছিলেন একজন গড়পড়তা ছাত্র। উচ্চশিক্ষা কখনোই তার ধারে-কাছে আসেনি। কিন্তু তার দূরদর্শী চিন্তা আর সাহসিকতা তাকে নিয়ে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষে।
উইনস্টন চার্চিল: ফেল করা ছেলেই ইতিহাস গড়েন
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্কুলে বারবার ফেল করতেন। শিক্ষকদের মতে, তিনি ছিলেন ‘অযোগ্য’। কিন্তু ইতিহাস বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বেই ব্রিটেন রক্ষা পেয়েছিল। এমনকি পরবর্তীতে পান সাহিত্যে নোবেল পুরস্কারও।
শিক্ষা নয়, দৃষ্টিভঙ্গিই সাফল্যের চাবিকাঠি
উপরোক্ত উদাহরণগুলো প্রমাণ করে, পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ নয়। বরং সেখান থেকেই শুরু হতে পারে নতুন পথচলা। আপনি পরাজয়ের পর কী করছেন, সেটিই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ।
জীবনে সাফল্যের জন্য প্রয়োজন—নিজের ওপর বিশ্বাস, সাহসিকতা, আর কঠোর পরিশ্রম। ব্যর্থতা সাময়িক হলেও স্বপ্ন এবং চেষ্টা যদি থাকে অবিচল, তবে একদিন সাফল্য হবেই।নম্বর নয়, মানুষ বড় হয় তার মানসিকতা দিয়ে। তাই যারা আজ ব্যর্থ, কাল তারাই হতে পারে ভবিষ্যতের অনুপ্রেরণা।

