বৈদ্যুতিক পাখার সূচনা ও বিকাশ
প্রথম উদ্ভাবন ও প্রাথমিক কাঠামো
বৈদ্যুতিক পাখা আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ, যা শুধু গরমে স্বস্তি দিতে নয়, বরং শিল্প-কারখানার ভারী যন্ত্রপাতির তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে কম্পিউটার ঠাণ্ডা রাখার মতো কাজে ব্যবহৃত হয়। এই পাখার সূচনা ঘটে ১৮৮২ সালে, যখন মার্কিন বিজ্ঞানী স্কিউলার স্কাটস্ হুইলার মাত্র ২২ বছর বয়সে এটি আবিষ্কার করেন।
প্রথমদিকে বৈদ্যুতিক পাখা ছিল দুটি হাতলযুক্ত এবং বাষ্প বা জল দ্বারা চালিত। এটি মূলত সেই প্রযুক্তিতে কাজ করত, যা রেলগাড়িতে ব্যবহৃত হতো।
বিদ্যুৎ ও মোটরের অবদান
বৈদ্যুতিক পাখার বিকাশ বিদ্যুৎ ও মোটরের উদ্ভাবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রথমদিকে টমাস এডিসনের ডিরেক্ট কারেন্ট (DC) ব্যবস্থায় পাখা চলত। এতে কোনো রেগুলেটর না থাকায় গতির নিয়ন্ত্রণ ছিল সীমিত, এবং বিদ্যুতের অপচয়ও হতো। এর ফলে, শুধু ধনী ব্যক্তিরাই তা ব্যবহার করতে পারত।
নিকোলা টেসলার অল্টারনেটিভ কারেন্ট (AC) আবিষ্কারের পর পাখার নকশা ও কার্যকারিতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ১৮৯০-এর দশকে ফ্যানের কাঠামোতে খাঁচা যোগ করা হয়, যা ব্যবহারকে আরও নিরাপদ করে তোলে।
নকশা ও প্রযুক্তির বিবর্তন
১৮৯৬ সালে ছয় পাখার বৈদ্যুতিক ফ্যান তৈরি করা হয়, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ১৯০০ সালের পর বিভিন্ন ধরনের ব্লেড ও চাকতির নকশা তৈরি শুরু হয়। ১৯১০ সালের দিকে ফ্যানের কোণগুলো গোলাকৃতি হয় এবং মোটরের আকার ছোট ও কম্প্যাক্ট করা হয়।
এই সময় থেকে বাণিজ্যিকভাবে বাসায় ব্যবহারের উপযোগী বৈদ্যুতিক পাখা উৎপাদন শুরু হয়। শুরুর দিকে কালো রঙের ফ্যান তৈরি করা হতো, তবে টমাস এডিসনের জেনারেল ইলেকট্রিক গাঢ় সবুজ রঙের ফ্যান বাজারে আনে। বাংলাদেশে ন্যাশনাল ফ্যান টঙ্গি সেই ঐতিহ্যকে ধরে রেখে দীর্ঘদিন বাজারে রাজত্ব করেছে।
বৈচিত্র্যময় বৈদ্যুতিক পাখা
বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পাখা ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনে আরাম এবং কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। যেমন:
- টেবিল ফ্যান: মেঝে বা টেবিলে স্থাপন করা যায়, সহজে স্থানান্তরযোগ্য।
- প্যাডাস্ট্রাল ফ্যান: উচ্চতা বাড়ানো-কমানো যায়, বাতাসের গতি ভালো।
- উইন্ডো ফ্যান: ঘরের বাইরে থেকে ঠাণ্ডা বাতাস এনে দেয়।
- ওয়াল মাউন্ট ফ্যান: দেয়ালে স্থাপন করা হয়, কম জায়গায় কার্যকর।
- ফ্লোর ফ্যান: যেখানে ওয়াল মাউন্ট ফ্যান ব্যবহার করা যায় না, সেখানকার জন্য উপযুক্ত।
- টাওয়ার ফ্যান: শব্দহীন এবং আধুনিক নকশায় তৈরি।
- সিলিং ফ্যান: বসতবাড়ির সবচেয়ে জনপ্রিয় ফ্যান, যা পুরো ঘরে বাতাস সরবরাহ করে।
- মিস্টিক ফ্যান: বাতাসের সঙ্গে পানি কণা ছড়িয়ে দ্রুত ঠাণ্ডা পরিবেশ তৈরি করে।
- ইন্ডাস্ট্রিয়াল ফ্যান: ভারী ধাতু দিয়ে তৈরি, অধিক শক্তি সম্পন্ন।
- এগজস্ট ফ্যান: ভেতরের বাতাস বাইরে বের করে দেয়, রান্নাঘর ও বাথরুমে ব্যবহৃত হয়।
উপসংহার
বৈদ্যুতিক পাখার ইতিহাস কেবল প্রযুক্তির উদ্ভাবন নয়, বরং মানুষের জীবনযাত্রায় আরাম এবং কাজের গতি বাড়ানোর এক অনন্য উদাহরণ। সময়ের সঙ্গে এর নকশা ও কার্যকারিতার উন্নতি হয়েছে, যা বৈদ্যুতিক পাখাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে।
লেখা: জাহাঙ্গীর আলম শোভন, সূত্র: বই, ইন্টারনেট ও পিডিয়া

