প্রেস রিলিজ কি? এর বৈশিষ্ঠ্য ও আকৃতি প্রকৃতি কেমন?
জাহাঙ্গীর আলম শোভন
বই: প্রেস রিলিজ গাইডলাইনস
সংবাদ বিজ্ঞপ্তি হলো সংবাদমাধ্যমের কাছে তথ্য সরবরাহের উদ্দেশ্যে একটি বিবৃতি বা বার্তা, যাতে বিশেষ কোনো ঘোষণা থাকতে পারে। একটি প্রেস রিলিজে আপনার প্রতিষ্ঠানের বা তার পণ্য-সেবার প্রতি মনোযোগ আনার জন্য ১/২ পৃষ্ঠার একটি চিঠি মাত্র। যখন এটি পত্রিকার পাতায় প্রকাশিত হবে তখন বাহ্যিক অর্থে এটা হবে একটি সংবাদ।
সাংবাদিকেরা সংবাদের জন্য যেসব তথ্যের উপর ভর করেন তার অন্যতম হলো এই প্রেস রিলিজ বা পিআর বা সংবাদ বিজ্ঞপ্তি। পিআর সংবাদ হিসেবে প্রকাশিত হতে পারে তখন সংবাদের ভেতরে সূত্র হিসেবে প্রেস রিলিজের কথা আসতে পারে। প্রেস রিলিজ শিরোনামেও তা প্রকাশ পেতে পারে। একটা বড়ো সংবাদের ছোট একটা তথ্য হিসেবেও সংবাদ মাধ্যমে তা জায়গা করে নিতে পারে।
প্রকাশ যেভাবেই হোকনা কেন, যখন কেউ তার প্রতিষ্ঠানের যেকোনো বার্তা সংবাদ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে পাঠায় তখন সেটা প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি। আপনার প্রেস রিলিজটা ছাপা হবে কিনা তা নির্ভর করছে প্রধানত দুটো বিষয়ের উপর। প্রথমত, এতে সংবাদের মতো উপাদান আছে কিনা? দ্বিতীয়ত, সম্পাদকের মর্জি এই দুয়ে মিলে গেলে আপনার পাঠানো পিআর পত্রিকায় ছাপতে পারে। এছাড়া তথ্যের পূর্ণতা, জনতার স্বার্থ, উপস্থাপনার ধরণ, ইস্যুর গুরুত্ব ও পাবলিক সেন্টিমেন্ট ও পত্রিকার নীতি এসব ব্যাপারতো রয়েছেই।
একটি প্রেস রিলিজের সাধারণ বৈশিষ্ঠ্যসমূহ-
১. প্রেস রিলিজ কোনো সরকারী বেসরকারী, বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান কতৃক সংবাদ মাধ্যমে প্রেরিত হতে পারে।
২. প্রেস রিলিজে থাকে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের পণ্য, অনুষ্ঠান, উদ্যোগ ইত্যাদির খবর । এছাড়া থাকতে পারে কোনো বক্তব্য অথবা আগাম খবর কিংবা কোনো জবাবদিহিতামূলক বার্তা বা ঘোষণা।
৩. সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান যেসব তথ্য দেয়। সেসব তথ্যের উপর ভিত্তি করে এটা প্রকাশিত হয়। যাচাই বাছাইয়ের ব্যাপার কম থাকে। তবে সম্পাদক চাইলে তথ্য কাটছাট করতে পারেন এবং অধিকতর তথ্যের জন্য খোঁজ নিতে পারেন।
৪. পিআর সংবাদের তুলনায় ছোট হয়। একে দীর্ঘায়িত করা পাঠক বা সম্পাদক কারো পছন্দ নয়।
৫. প্রেস রিলিজ আসলে বিনে পয়সায় বিজ্ঞাপন ছাপানোর একটা কৌশলমাত্র। তবে যেকোনো বিজ্ঞাপনের বিপরীতে পিআর কার্যকর নয়। বিশেষ করে পিআর এর সংবাদমূল্য থাকাটা জরুরী।
৬. প্রেস রিলিজ দ্বারা মিডিয়া সরকার ও কর্পোরেট প্রতিষ্ঠানে বার্তা উপকারে মানুষের কাছে নিয়ে যায়। এতে করে তাদের খরচ কমে যায়। সংবাদ মাধ্যমও গুরুত্ব বিবেচনায় প্রকাশ করে থাকে।
৭. প্রেস রিলিজ সাধারণত শিরোনাম, ভূমিকা, শরীর এবং অন্যান্য তথ্য সহ নয়টি কাঠামোগত উপাদান নিয়ে পরিপূর্ণ হয়। প্রেস রিলিজের গায়ে প্রেস রিলিজ কথাটাও লিখা থাকে।
৮. ১ বা ২ পৃষ্ঠার বেশী হওয়া ঠিক নয়। চার থেকে পাঁচটি অনুচ্ছেদ নিয়ে মোট ৪০০ থেকে ৫০০ শব্দের সীমায় আবদ্ধ থাকে তবে প্রযোজ্য ক্ষেত্রে ৮০০ শব্দ হতে পারে এর বেশী নয়। যদি ৮০০ শব্দও হয় তাহলেও জেনে রাখবেন পত্রিকা পুরোটা ছাপবেনা। কারণ আপনার প্রচারের জন্য তারা এতটা স্থান দিতে বাধ্য নয়।
কারা লিখে প্রেস রিলিজ:
সাধারণত প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ বা জনসংযোগ কর্মকর্তারা প্রেস রিলিজ লিখে থাকেন। বলতে গেলে জনসংযোগ বিভাগের কাজ প্রেস রিলিজ লেখা, সংবাদ মাধ্যমে পৌছে দেয়া এবং ছাপানোর ব্যবস্থা করা। যেসব প্রতিষ্ঠানে জনসংযোগ বিভাগ নেই তাদের মার্কেটিং বা বিজনেস ডেভলপমেন্ট বিভাগ কাজটা করে থাকে। বড় বড় প্রতিষ্ঠানগুলো পিআর এজেন্সি, বিজ্ঞাপন এজেন্সি বা মার্কেটিং এজেন্সিকে দিয়েও পিআর এর কাজ করিয়ে থাকে। অনেকে আবার উপদেষ্ঠা বা কনসালটেন্ট হিসেবে পার্টটাইম সাংবাদিক নিয়োগ দিয়েও পিআর লেখান। এতে করে উক্ত সাংবিাদিকের সাথে অন্যান্য সাংবাদিকের পরিচয় থাকে বলে পিআর ছাপা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
আর ছোট প্রতিষ্ঠানগুলোতে যার লেখার হাত ভালো তাকে অনুরোধ করা হয় একটা পিআর লিখে দিতে। এতে সমস্যা তিনি দক্ষ বা মেধ্যাবী হলেও পিআর লেখার অভ্যাস বা অভিজ্ঞতা না থাকায় বেশীরভাগ ক্ষেত্রে সঠিকভাবে পিআর লেখা হয়না। সে পিআর সংবাদ মাধ্যমে পাঠানোর পর সম্পাদক মহাশয় মহাবিরক্তিবোধ করেন এবং ছাপার ব্যাপারে নিরুৎসাহিত হোন।

