প্রেস রিলিজের প্রকারভেদ
প্রেস রিলিজ বিভিন্ন প্রকারের হয়

প্রেস রিলিজ কত প্রকার ও কি কি?

প্রেস রিলিজ কত রকমের হয়?

পিআর কত প্রকার ও কি কি?

সংবাদ বিজ্ঞপ্তি কত প্রকার?

 

জাহাঙ্গীর আলম আলম শোভন

বই: প্রেস রিলিজ গাইড লাইনস

একটি প্রেস রিলিজ হ’ল কোনো সরকারী বা বেসরকারী সংস্থার ঘোষণাপত্র। যা পত্রিকা বা সংবাদ মাধ্যমে সংবাদ বা পিআর আকারে প্রকাশিত হবে। প্রেস রিলিজ কেন দেয়া হয় এর মধ্যে রয়েছে প্রেস রিলিজের প্রকারভেদ। যেমন ইভেন্টের, বই প্রকাশের, পণ্য বা সেবা চালুকরণ, নতুন ব্যবসা শুরু করা, বৃহত্তর চুক্তিপত্র, পুরষ্কার ঘোষণা ইত্যাদি। বাংলাদেশের প্রেক্ষাপটে ১০-১২ রকমের প্রেস রিলিজ দেখা যায়। কথার কচপটানি কমিয়ে কাজের কথায় চলে আসি। আগেতো কাজের কথা শিখে বিষয়টা বুঝে নেই। পরে না হয় দু, মিনিট জমিয়ে আড্ডা দেয়া যাবে খন।

১. ইভেন্ট পিআর:

যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তখন সেসব ইভেন্ট এর আগে পরে পিআর হয়। সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিক যেকোনো অনুষ্ঠান পিআর হতে পারে। ব্যক্তিগত অনুষ্ঠান কোনো কারণে নিউজ হলেও তার পিআর হয়না। পিআর ইভেন্ট আগে মাঝে পরে হতে পারে। শুধু আগে কিংবা শুধু ইভেন্টর পরেও হতে পারে।
যেমন: বিপিএল উদ্ভোধনী অনুষ্ঠান এটা আগে এবং ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে পিআর হতে পারে বা, ডিজিটাল হাটের মাধ্যমে অনলাইনে কুরবানি গরু বিক্রি নিয়েও তা হতে পারে। অনুষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে থাকবে: কি অনুষ্ঠান হয়েছিল? কখন কোথায় হয়েছিল? কারা আয়োজন করেছিল? কেন হয়েছিল? কে উপস্থিত ছিলেন? যদি ভিআইপি হোন তাহলে তিনি ক কথা বলেছিলেন?

২. নতুন পণ্য বা সেবা সংক্রান্ত্র পিআর

কোনো প্রতিষ্ঠানের নতুন পণ্য বা সেবা যুক্ত হলে, অথবা কোনো প্রতিষ্ঠান নতুন করে যাত্রা শুরু করলে অথবা নতুন পণ্য পরিচিতি অনুষ্ঠান হলে সে বিষয়ে পিআর পাঠানো যায়। তবে পিআর ছাপা হবে কিনা তা নির্ভর করছে পন্যের গুরুত্ব, পাঠকের আগ্রহ ও ব্রান্ডের মান অনুযায়ী। যেমন ইউনিলিভারের যেকোনো নতুন পণ্য আসলে পিআর হবে। কিন্তু গলির মোড়ের দোকানে নতুন পণ্য আসলে নিশ্চই পিআর হবে না।
এখানে থাকবে: কি পণ্য/সেবা, কাদের পণ্য/সেবা, কাদের জন্য এটা, কখন থেকে বাজারে পাওয়া যাবে? নতুনত্ব কি? কি কাজে আসে পণ্যটি? দাম কত? ব্যবহারবিধি বা উপকারিতা ইত্যাদি।

 

৩. বড়ো ধরনের চুক্তি ক্রয় পার্টনারশিপ বা দ্বিপাক্ষিক পিআর

বড়ো দুটো কোম্পানী একটি আরেকটির সাথে কোনো ব্যবসায়িক অথবা অব্যবসায়িক কারণে চুক্তিবদ্ধ হলে, বড়ো ধরনের কোনো ক্রয় বিক্রয় সম্পাদিত হলে একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানকে কিনে নিলে এধরনের বিষয়ে ক্রেতা বা ভোক্তাকে জানাতে বিজ্ঞাপনের চেয়ে পিআর এর চর্চাই বেশী হয়ে থাকে।
কোন কোন প্রতিষ্ঠান জড়িত? মূল ঘটনা কি? কেন ঘটেছে? ঘটনার ফলাফল কি? প্রধান শর্ত কি? চুক্তি স্বাক্ষর করেছে কে কে? স্বাক্ষর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিল? এতে জনসাধারনের কি উপকার হলো। দুটো প্রতিষ্ঠানের দুজনের বক্তব্য।

৪. ব্রান্ডিং বা রিব্রান্ডিং:

রিব্র্যান্ডিং যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটু চ্যালেঞ্জিং। পুরনো কিছুর নতুন করে ব্রান্ডিং করা যাকে বলে। যা কিছু পুনরায় ব্র্যান্ড করতে পারে; একীভূতকরণ, অধিগ্রহণ, পণ্যের ফিচার পরিবর্তন ইত্যাদি হলে পরে গ্রাহকদের সে বার্তাটি পৌঁছে দেয়া প্রয়োজন হয়। সহজ কথা আপনি আপনার ব্রান্ড, পণ্য বা সেবায় নতুন কোনো মাত্রা যোগ করলে সেটা প্রেস রিলিজের এর মাধ্যমে যখন জানিয়ে দেবেন তাই হবে রিব্র্যান্ডিং পিআর। এধরনের পিআর ব্যাপক খরচ করতে হয়। যাতে করে বেশী মানুষ বিষয়টি জানতে পারে।
আমাদের গ্রামীণফোন এবং রবি যখন তাদের বহুদিনের পুরনো লোগো পরিবর্তন করে তখন তাদেরকে রিব্রান্ডিং এর জন্য ব্যাপক পিআর ও বিজ্ঞাপন করতে হয়েছিল। একটি রিব্র্যান্ডিং প্রেস রিলিজও আপনার ভোক্তাদের পরিবর্তনের বিষয়ে জাগিয়ে তোলার একটি সুযোগ। এটা যে শুধু বাণিজ্যিক প্রোডাক্টের ক্ষেত্রে হবে তা নয়। এটা যমুনা সেতুর সংস্কার কাজ নিয়েও হতে পারে।
কোন পণ্য সেবাটিতে পরিবর্তন আসছে। এটা কাদের? কি পরিবর্তন? পরিবর্তনের ফলে ক্রেতারা কতটা কি লাভবান হবে? কত তারিখ থেকে এটা কার্যকর হবে? কেন এই পরিবর্তন। বাড়তি যুক্ত হতে পারে প্রতিষ্ঠানের কোনো কর্তাব্যক্তির সাক্ষাৎকার।

 

৫. প্রমোশন, নিয়োগ বিদেশযাত্রা

সরকারী ও বেসরকারী বড়োধরনের প্রতিষ্ঠানের উচ্চপদে নিয়োগ বদলী ও বিদেশযাত্রা সংক্রান্ত পিআর এর প্রচলন রয়েছে। এক্ষেত্রে একই কথা প্রযোজ্য, প্রতিষ্ঠানটি কতটা বড়, ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ, পদটি কতটা গুরুত্বপূর্ণ, ইত্যাদি কারণে পিআর হয়ে থাকে। পাঠকের কতটা আগ্রহবোধক সেটার উপর পিআর এর গুরুত্ব ঠিক হয়। যেমন দেশের সব থানায় ওসি এসপি ট্রান্সফার হয়। এটা কোনো সংবাদ নয়। কিন্তু ওসি প্রদীপ কতৃক মেজর রাশেদ মোহাম্মদ সিনহার খুন হওয়ার পর কক্সবাজারের বির্তকিত এসপি মাসুদ আলম বদলীর বিষয়ে পাঠকের আগ্রহ থাকবে।
তার বদলী হলে পুলিশ থেকে বা স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে পিআর পাঠানো হলে তা লুফে নেবে সংবাদ মাধ্যমে। এটা এমন একটা বিষয় এখানে পিআর না হলেও সংবাদ মাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হবে। একসময় বিদেশযাত্রার নিউজ হলেও আজকাল হয়না। সে অনেক কথা। এখানে যেসব বিষয় স্থান পাবে, কার নিয়োগ বা বদলী হলো, কোন পদ থেকে কোন পদে, বা কোন এলাকা থেকে কোন এলাকায়, কে হলো এবং এই তথ্যের সূত্র কি?

 

৬. পুরষ্কার ঘোষনা বিতরণ

পুরষ্কারের ক্ষেত্রে শুধু ঘোষনার জন্য একটা পিআর হতে পারে। আবার পুরষ্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করার ক্ষেত্রে আলাদা পিআর হতে পারে। যেমন একুশে পদক। প্রথমে সরকারী ঘোষানা আসে এটা একটা প্রেস রিলিজ। আর যখন অনুষ্ঠান করে তা প্রদান করা হয়। তখন অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে প্রেস রিলিজ হতে পারে। যদিও এসব প্রেস রিলিজ হলেও কিংবা না হলেও গুরুত্বের কারণে এগুলো সংবাদ হিসেবে স্থান করে নেয়।
পুরষ্কার ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তিতে যা থাকে: কি পুরষ্কার, কে বা কারা পেল? কোন কাজের জন্য পেল, কবে তা প্রদান করা হবে? এবং পটভূমি গত বছরের কিছু বিবরণ যিনি পুরষ্কার পেলেন তার একটা সংক্ষিপ্ত পরিচিতি ও পুরষ্কারের জন্য নির্বাচন প্রক্রিয়া।

 

৭. সরকারী বিজ্ঞপ্তি

বাস্তবতা হলো সরকারী পিআর এর কোনো ধরন-ধারন নিয়ে। সরকারী দপ্তরসমূহ যেকোনো বিষয়ে পিআর করতে পারে। যখনি কোনো বিষয়ে জনসাধারণকে জানানোর প্রয়োজন হয়। তখনি পরিপত্র, গেজেট ও নোটিশের মতো পিআর করতে পারে। এখানে মূলত জনসাধারণের স্বার্থের বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে।
সরকারী দপ্তর কখনো কখনো প্রেস নোটও প্রচার করে থাকে। একটি প্রেস নোট সাধারনত নিউজ স্টোরি হয়না। এটি প্রচলিত প্রেস রিলিজও নয়, যাতে কিছু সংবাদের উপাদান থাকে। এটা এমন এক হ্যান্ডআউট যা বার্তা সম্পাদক অবিকল প্রকাশ করবেন। জরুরী কোনো ঘটনার প্রেক্ষিতে সরকারী অফিস প্রেস নোট জারি করে। এবং সরকারের পয়েন্ট ভিউ থেকে একরকম বলতে গেলে একপেশে বক্তব্য তুলে ধরা হয়।
অতএব, এটি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, সময়োপযোগী, বোধগম্য, সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট হতে হবে এবং তাদের প্রকৃত দৃষ্টিকোণে সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং পরিসংখ্যান থাকা উচিত। যেসব দেশের গণতন্ত্র কিংবা বিচার বা প্রশাসনিক কাঠামো দূর্বল থাকে সেসব দেশের প্রেস নোট বেশীরভাগ ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত কিংবা প্রতিপক্ষকে ঘায়েল কিংবা নিজের প্রয়োজন অনুসারে জনমত গঠনের জন্য প্রেস নোট ব্যবহার করা হয়। তবে কল্যানমুখী রাস্ট্রের প্রেস নোটেও জনগনের জন্য ভাল কিছু থাকে। আপনি এর উদাহরন নিজেও অনলাইনে সার্চ দিয়ে দেখে নিতে পারেন।

 

৮. প্রতিক্রিয়া:

সাধারণত রাজনৈতিক দলগুলো এ ধরনের বক্তব্য সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ করে। প্রচলিত অর্থে এটাকে খবর বিজ্ঞপ্তি বলে না। দেশে বিভিন্ন ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে সমালোচনা করতে এ ধরনের স্টেটমেন্ট দেয়া হয়। এতে রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হয় এবং নেতার বক্তব্য তুলে ধরা হয়। কোনো বিষয়ে প্রতিবাদ করার জন্য বিরোধী রাজনৈতিক দল এধরনের পিআর সংবাদ মাধ্যমে প্রেরণ করতে পারে।

 

৯. শোক প্রকাশে পিআর

এছাড়া কোনো বিশিষ্ঠব্যক্তির জন্মদিনের শুভেচ্ছা, মৃত্যুতে শোকপ্রকাশ, সুস্থ্যতা কামনা, সাফল্যে অভিনন্দন জানানো এসব বিষয়ে পিআর এর প্রচলন রয়েছে।’ যেমন: প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছো। নিউজিল্যান্ডের প্রধানমন্ন্ত্রী জেসিন্ডাকে বিজয়ে অভিনন্দন। কারো মৃত্যুতে শোক প্রকাশেও পিআর হতে পারে।

 

১০. রাজনৈতিক পিআর

রাজনৈতিক পিআর আর কখন কেন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজনৈতিক দল যখন যে বিষয়ে জনগনকে যা জানাতে চায়। তাই নিয়ে তারা পিআর করতে পারে। যখন অন্য দলের কথার জবাব দিতে চায় তখন তারা পিআর করতে পারে। দেশের কোনো জরুরী প্রয়োজনে সরকার যেমন যেকোনো ঘোষণা দিতে পারে। তেমনি দেশে কোনো অনিয়ম বা অশৃংখলা দেখা দিলে বিরোধী দল সে বিষয়ে কোনো বক্তব্য দিতে পারে, অভিযোগ করতে পারে, প্রতিকার চাইতে পারে এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা দিয়ে তারা প্রেস রিলিজ বা প্রতিক্রিয়া জানাতে পারে।

১১. সামাজিক পিআর

সামাজিক কাজ সম্পর্কে, সামাজিক সংগঠন সম্পর্কে জানান দিতে যে পিআর করা হয়। তাকে সামাজিক পিআর বলা যায়। সামাজিক প্রতিষ্টানের হতে পারে অন্যান্য প্রতিষ্ঠানেরও সামাজিক কাজের পিআর হতে পারে। এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামাজিক পিআরও হতে পারে।

 

১২. ম্যাট রিলিজ

ম্যাট রিলিজ বলা হয় জনসম্পর্ক এবং বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত এক ধরণের বিজ্ঞাপন ধাঁচের লেখনিকে। ম্যাট রিলিজটি হয়ে থাকে সংক্ষিপ্ত ও গল্পের মতো যা নিবন্ধ বা ফিচারের মতো।এটি সংবাদের মতো পেশ করলেও বাস্তবে এটি পণ্য বা ধারণার প্রচারে এক ধরনের প্ররোচিত প্রচারণা। একটি ম্যাট রিলিজ প্রেস রিলিজের চেয়ে আলাদা; প্রেস রিলিজ সাংবাদিকদের লক্ষ্য করে প্রেরণ করা হয়। আর ম্যাট রিলিজ সরাসরি জনসাধারণকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়ে থাকে। যদিও উভয়টি সংবাদকর্মীর সম্পাদনার হাত গলে তবে ছাপা হয়।
ম্যাট রিলিজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে কখনো সম্পাদকের চেবিলে সংবাদের ঘাটতি থাকলে এই বিজ্ঞাপনীয় নিউজ রিলিজ এর কপাল খুলে যেতে পারে।

১৩. যৌথ প্রেস রিলিজ:

কখনো কখনো বিভিন্ন ইস্যুতে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের চল দেখা যায়। যখন কোনো দুটি বা বেশী প্রতিষ্ঠান একই ইস্যুতে এক হয়ে কোনো ঘোষণা দেয় বা কর্মসূচী নিয়ে আসে। তখন তা যৌথ বিবৃতির মাধ্যমে জানিয়ে দিতে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির প্রয়োজন হয়।

কথায় কথায় আমরা বিভিন্ন ধরনের প্রেস রিলিজ সম্পর্কে জেনে নিলাম। বইয়ের পরবর্তী অধ্যায়ে বিভিন্ন উদাহরণে আমরা এসব বিভিন্ন ধরনের প্রেস রিলিজের নমূনা দেখতে পাব।

আরো জানতে সংগ্রহ করুন: জাহাঙ্গীর আলম শোভনের বই: প্রেস রিলিজ গাইড লাইনস

বইটির অনলাইন লিংকস: https://www.rokomari.com/book/211928/press-release-guidelines