রোদে থাকুন, পান প্রাকৃতিক ভিটামিন ডি
আমরা সবাই জানি, সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না, দিনের কোন সময় রোদে থাকা সবচেয়ে উপকারী, কতক্ষণ রোদে থাকতে হয়, কিংবা সপ্তাহে কয়েক দিন রোদে থাকলে সারা বছরের ঘাটতি পূরণ হয় কি না। এসব প্রশ্নের উত্তর জানার আগে চলুন জেনে নিই, ভিটামিন ডি আসলে কী এবং কেন এটি এত জরুরি।
ভিটামিন ডি কী
ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের ভিটামিন। এটি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, হাড় ও দাঁত মজবুত করে এবং পেশিকে শক্তিশালী রাখে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের বিভিন্ন বিপাকীয় ক্রিয়ায় ভূমিকা রাখে। সূর্যের আলো থেকে প্রাপ্ত হওয়ায় ভিটামিন ডিকে বলা হয় “সানশাইন ভিটামিন”। সূর্যের আলো ত্বকে পড়লে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা পরে লিভার ও কিডনিতে গিয়ে সক্রিয় রূপ নেয়।
ভিটামিন ডি-র অভাবে কী হয়
বিশ্বজুড়ে এখন ভিটামিন ডি ঘাটতি একটি সাধারণ সমস্যা। শিশুদের মধ্যে রিকেটস বা হাড় বাঁকা হয়ে যাওয়ার অন্যতম কারণ এটি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওপরোসিস, অস্টিওম্যালাসিয়া, হৃদরোগ, ক্যানসারসহ নানা সমস্যা দেখা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে, ফলে দীর্ঘমেয়াদি রোগ থেকে সেরে উঠতে সময় লাগে।
কখনের রোদ সবচেয়ে ভালো
বাইরে বের হয়ে যদি দেখেন আপনার ছায়া আপনার চেয়ে ছোট, বুঝবেন সেই সময়ের রোদই ভিটামিন ডি তৈরির জন্য আদর্শ। সাধারণত সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে এই সময়টা সবচেয়ে কার্যকর। সপ্তাহে অন্তত তিন দিন ১০ থেকে ৩০ মিনিট সারা শরীরে রোদ লাগানো প্রয়োজন।
ত্বকের রঙের সঙ্গে সম্পর্ক
ত্বকের রং নির্ভর করে মেলানিন নামের এক ধরনের রঞ্জকের ওপর। যাঁদের ত্বকে মেলানিন বেশি, অর্থাৎ রং একটু চাপা, তাঁদের ভিটামিন ডি তৈরিতে সময় বেশি লাগে। তাই তাদের অন্তত ৩০ মিনিট রোদে থাকা উচিত। ফরসা ত্বকের ক্ষেত্রে ১০–২০ মিনিটই যথেষ্ট। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে রোদে থাকার সময় আরও কিছুটা বাড়ানো দরকার।
সানস্ক্রিন ও পোশাকের প্রভাব
সানস্ক্রিন বা মোটা পোশাক ত্বকে ভিটামিন ডি তৈরিতে বাধা দেয়। তাই সপ্তাহে কয়েক দিন সানস্ক্রিন ছাড়া রোদে বের হওয়া ভালো। বিশেষ করে হাত, পা ও শরীরের কিছু অংশ যেন সূর্যের আলোতে আসে, তা নিশ্চিত করতে হবে।
সঞ্চিত ভিটামিন ডি কতটা কার্যকর
সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডির কিছু অংশ শরীরের চর্বি কোষে জমা থাকে। তবে এই সঞ্চয় সারা বছরের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। নিয়মিত অল্প সময় রোদে থাকা এবং খাবারের মাধ্যমে ভিটামিন ডি গ্রহণই ঘাটতি পূরণের সবচেয়ে ভালো উপায়।
রোদে কিছু সময় কাটালে শুধু ভিটামিন ডির অভাব পূরণই নয়, মনও থাকে প্রফুল্ল। তবে তবুও যদি শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকে, চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

