interior-design
interior-design

ছোট ঘরকে বড় দেখানোর সহজ উপায়

ছোট ঘরও বড় ও আরামদায়ক করা সম্ভব

ছোট বাসা মানেই আরামদায়ক বসার জায়গার অভাব বা একঘেয়ে পরিবেশ— এমন ধারণা এখন আর ঠিক নয়। সামান্য পরিকল্পনা, সঠিক মাপজোক এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গি থাকলেই ছোট ড্রয়িংরুমও হতে পারে আরামদায়ক ও রুচিশীল।

বড় সোফা ব্যবহার করুন

অনেকেই মনে করেন ছোট ঘরে ছোট সোফা রাখা উচিত। তবে যুক্তরাষ্ট্রের ডিজাইনার থেকলা গ্লুক মনে করেন, “ছোট ঘরে স্ট্যান্ডার্ড সাইজের সোফা রাখলে ঘর বড় দেখায়।” ঘরের পরিমাপ ঠিকভাবে নেয়ার পর বড় সোফা নির্বাচন করলে এটি শুধু আরামদায়ক হয় না, ঘরের ভারসাম্যও বজায় থাকে। পরিবার বা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা বা আড্ডার সময় বড় সোফা হয়ে ওঠে কেন্দ্রবিন্দু।

সংরক্ষণযোগ্য আসবাব ব্যবহার

ছোট ঘরে সবচেয়ে বড় সমস্যা হলো অগোছালো জিনিসপত্র। কাগজ, ব্যাগ বা ছোটখাটো জিনিস রাখার জন্য আসবাবের বুদ্ধিমত্তাপূর্ণ ব্যবহার জরুরি। লুকানো স্টোরেজসহ বেঞ্চ, কনসোল টেবিল বা সোফার নিচে ঢোকার মতো সাইড টেবিল থাকলে চলাচলের পথ ফাঁকা থাকে এবং ঘর বড় দেখায়।

বহুমুখী আসবাবের সুবিধা

যদি একটি ঘর বসার জায়গা, খাবার কোণা ও কাজের জায়গা সব একসঙ্গে হয়, তবে আলাদা আসবাবের দরকার পড়ে না। টানলে ডেস্ক বের হওয়া বা ভাসমান তাক ব্যবহার করে মেঝের জায়গা বাঁচানো যায়। সাজানো বই বা কফি টেবিলও হতে পারে কার্যকর সাইড টেবিলের বিকল্প।

ছাদ পর্যন্ত সাজানো

উচ্চতার ব্যবহার ছোট ঘরকে বড় দেখানোর সহজ উপায়। মেঝে থেকে ছাদ পর্যন্ত তাক বসালে ঘর পায় স্থাপত্যগত সৌন্দর্য এবং প্রয়োজনীয় স্টোরেজ। দরজাযুক্ত আলমারি থাকলে অতিরিক্ত চাদর বা বড় জিনিস সহজেই লুকিয়ে রাখা যায়।

জানালার পর্দা হোক শৈল্পিক

ছোট ঘরে জানালার পর্দা শুধু গোপনীয়তার জন্য নয়, শৈল্পিক স্পর্শও যোগ করে। রঙিন বা নকশাদার কাপড় ঘরে প্রাণচাঞ্চল্য আনে। পর্দার রড ছাদ থেকে কয়েক ইঞ্চি নিচে বসালে চোখ উপরের দিকে যায়, ফলে ছাদ উঁচু মনে হয়।

পুরানো আসবাব নতুন রূপে

বড় ঘরের জন্য তৈরি আসবাব ছোট ঘরে মানিয়ে নাওয়া যায় না। মার্কিন ডিজাইনার সারাহ স্কেলসের মতে, “পুরানো আসবাব সাধারণত ছোট আকারের হয় এবং ঘরে আনে অনন্য চরিত্র।” পুরানো চেয়ার বা সোফার কাপড় পাল্টে বা নতুন কুশন বসিয়ে এটিকে নতুন রূপ দেওয়া যায়।

আলোই দেয় ঘরকে প্রাণ

ছোট ঘরের আকর্ষণ বাড়াতে আলোর ব্যবহার গুরুত্বপূর্ণ। সারাহ স্কেলস বলেন, “ছাদের আলো, টেবিল ল্যাম্প, দেয়ালের লাইট—সব স্তরে আলো থাকা উচিত। এমনকি বইয়ের স্তূপের ওপরে ছোট ল্যাম্পও ঘরে ভিন্ন উষ্ণতা আনে।” বর্তমানে ব্যাটারিচালিত লাইট সহজলভ্য হওয়ায় বিদ্যুৎ সংযোগের ঝামেলাও নেই।

পরিকল্পনা আর সৃজনশীলতার মাধ্যমে ছোট ঘরও হতে পারে স্বপ্নের আরামদায়ক স্থান।

সূত্র: ইন্টারনেট
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: nawy.com

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply