আইনি_দস্তাবেজ
আইনি_দস্তাবেজ

গ্যারেজ ভাড়ার চুক্তিপত্র দলিল

গ্যারেজ ভাড়ার চুক্তিপত্র

একটি গ্যারেজ বা গাড়ি রাখার জায়গা ভাড়া দেওয়া-নেওয়ার ক্ষেত্রে একটি সুস্পষ্ট ও আইনসম্মত চুক্তিপত্র থাকা অপরিহার্য। এই চুক্তি উভয় পক্ষের (মালিক ও ভাড়াটিয়া) অধিকার, দায়িত্ব এবং ভাড়ার শর্তাবলী সুনির্দিষ্ট করে, যা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সহায়তা করে। নিচে একটি পূর্ণাঙ্গ গ্যারেজ ভাড়া চুক্তির নমুনা দেওয়া হলো।

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম

প্রথম পক্ষ / মালিক
নাম: মোঃ জাহিদ হাসান, পিতা: মোঃ নূরুল ইসলাম, ঠিকানা: বাড়ি নং- ২৫/ক, কৃষি ব্যাংকের গলি, নন্দীপাড়া, সবুজবাগ, ঢাকা। জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- চাকরি।

দ্বিতীয় পক্ষ / ভাড়াটিয়া
নাম: মোঃ শফিকুল ইসলাম, পিতা: মোঃ করিমুল হক, ঠিকানা: গ্রাম- বক্তাবলী, ডাকঘর- দোহার, জেলা- ঢাকা। জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা (পরিবহন)।

পরম করুণাময় মহান আল্লাহতায়ালার নাম স্মরণ করে এই তিন বছর মেয়াদি গ্যারেজ ভাড়ার চুক্তিপত্র শুরু করছি। যেহেতু আমি প্রথম পক্ষ, কৃষি ব্যাংকের গলিতে অবস্থিত আমার নিজস্ব গ্যারেজটি মাসিক ভাড়ায় দেওয়ার প্রস্তাব করলে, আপনি দ্বিতীয় পক্ষ সেই সংবাদ জেনে এটি ভাড়া নিতে সম্মত হয়েছেন। সে অনুযায়ী আমরা উভয় পক্ষ আলোচনা করে একমত হয়ে, নিচের স্বাক্ষীগণের সমুখে নিম্নলিখিত শর্তাবলী মেনে এই চুক্তিপত্র সম্পাদন করলাম।

চুক্তির শর্তসমূহ:

(১) এই চুক্তিপত্রের মেয়াদ হবে ০১/০১/২০২৫ তারিখ থেকে শুরু হয়ে আগামী ০৩ (তিন) বছর, অর্থাৎ ৩১/১২/২০২৭ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

(২) আমি প্রথম পক্ষ (মালিক) আপনির কাছ থেকে অগ্রিম জামানত বাবদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা নগদ এককালীন গ্রহণ করলাম।

(৩) উক্ত গ্যারেজের মাসিক ভাড়া ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা ধার্য করা হয়েছে। এই অগ্রিম টাকা থেকে প্রতি মাসে ভাড়া বাবদ ২,০০০/- (দুই হাজার) টাকা কর্তন করা হবে। কর্তন বাদে বাকি ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা আপনাকে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে আমাকে নগদ প্রদান করতে হবে। পূর্ণ মেয়াদ শেষে আপনি গ্যারেজটি খালি করে আমার কাছে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন এবং সেই সময় আমি আপনার কাছে জামানতের অবশিষ্ট টাকা (মাসিক কর্তন পরে) নগদ ফেরত দিতে বাধ্য থাকব।

(৪) আপনি দ্বিতীয় পক্ষ নিজ খরচে গ্যারেজের সিকিউরিটি চার্জ, পানি বিল (মাসিক ৪০০/- টাকা একটি স্থায়ী/Fixed Rate হিসেবে) এবং সাব-মিটার অনুযায়ী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। গ্যারেজের যেকোনো প্রয়োজনীয় মেরামত বা রক্ষণাবেক্ষণের খরচ আপনার নিজ দায়িত্বে হবে। তবে, গ্যারেজের যেকোনো দেওয়াল ভাঙা, রূপান্তর বা স্থানান্তর করতে পারবেন না।

(৫) চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগে যদি আপনি গ্যারেজ ছাড়তে চান, তাহলে ছাড়ার কমপক্ষে ০৩ (তিন) মাস আগে আমাকে লিখিত নোটিশ দিতে হবে। অন্যদিকে, আমার যদি যেকোনো কারণে গ্যারেজটি ফেরত নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমিও আপনাকে ০৩ (তিন) মাস আগে লিখিত নোটিশ দেব।

(৬) আপনি শুধুমাত্র গ্যারেজের ব্যবসা (গাড়ি রাখা/পরিচালনা) করবেন। ব্যবসার ধরন পরিবর্তন করতে চাইলে আমার সাথে আলোচনা করতে হবে। এই চুক্তির যেকোনো শর্ত ভঙ্গ করলে তা আইনানুগ ব্যবস্থার আওতায় আসবে। গ্যারেজে যেকোনো প্রকার অসামাজিক বা অবৈধ কাজকর্ম পরিচালনা করা যাবে না। এরকম কিছু ঘটলে আপনি দ্বিতীয় পক্ষই তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন।

(৭) উক্ত গ্যারেজে ৫/৬ জন রিকশাচালক আপনার নিজ দায়িত্বে রাত্রিযাপন করতে পারবেন।

(৮) (নতুন যোগ করা শর্ত) গ্যারেজে আগুন বা অন্যান্য দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের অগ্নিকাণ্ডের জন্য ভাড়াটিয়া দায়ী থাকবেন।

(৯) (নতুন যোগ করা শর্ত) গ্যারেজে সংরক্ষিত যানবাহন বা অন্যান্য মালামালের নিরাপত্তা ও রক্ষা করা/ বিমা সম্পূর্ণরূপে ভাড়াটিয়ার নিজ দায়িত্বে হবে।

(১০) উপরোক্ত শর্তাবলীর যেকোনো একটি শর্ত যেকোনো পক্ষ ভঙ্গ করলে, শর্ত ভঙ্গকারী পক্ষ ক্ষতিগ্রস্ত পক্ষকে যথাযথ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।

“চুক্তিকৃত গ্যারেজ ঘরটির পরিচয়”
কৃষি ব্যাংকের গলি, নন্দীপাড়া, থানা- সবুজবাগ, জেলা- ঢাকা।

এতদ্ব্যতীত, আমরা উভয় পক্ষ স্বেচ্ছায়, সম্পূর্ণ সজ্ঞানে, সুস্থ শরীরে ও সরল মনে, কারোর দ্বারা প্ররোচিত না হয়ে এই চুক্তিনামাটি পড়ে এবং পড়িয়ে এর মর্ম সম্পূর্ণরূপে বুঝে নিয়ে, উপস্থিত সাক্ষীদের সমুখে আমাদের নিজ নিজ নামে স্বাক্ষর করলাম।

ইতি,
তারিখ: ০১/০১/২০২৫ ইং

স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষর:

১. নাম: মোঃ আল আমিন, ঠিকানা- নন্দীপাড়া, সবুজবাগ, ঢাকা।
স্বাক্ষর: …………………..

২. নাম: মোঃ সেলিম মিয়া, ঠিকানা- কৃষি ব্যাংকের গলি, ঢাকা।
স্বাক্ষর: …………………..

৩. নাম: মোছাঃ নাসরিন আক্তার, ঠিকানা- সবুজবাগ, ঢাকা।
স্বাক্ষর: …………………..

 

__________________

প্রথম পক্ষ (মালিক) এর স্বাক্ষর:
[ মোঃ জাহিদ হাসান]

 

__________________

দ্বিতীয় পক্ষ (ভাড়াটিয়া) এর স্বাক্ষর:
[ মোঃ শফিকুল ইসলাম ]

 

পরামর্শ: গ্যারেজ ভাড়ার চুক্তি করতে গিয়ে নিম্নলিখিত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখুন:

  • গ্যারেজের সুনির্দিষ্ট ঠিকানা, size/আয়তন এবং অবস্থান চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করুন।

  • জামানতের টাকা নেওয়া-দেওয়ার সময় একটি বিস্তারিত রসিদ তৈরি করুন, যাতে টাকার পরিমাণ, তারিখ এবং উদ্দেশ্য উল্লেখ থাকে।

  • বিদ্যুৎ ও পানির মিটার Reading/রিডিং চুক্তি শুরুর দিনই নথিভুক্ত করে নিন।

  • গ্যারেজে কোন ধরণের যানবাহন রাখা যাবে তা স্পষ্টভাবে লিখে রাখুন।

  • চুক্তির একটি কপি উভয় পক্ষের কাছেই Safe/সুরক্ষিতভাবে সংরক্ষণ করুন।

 

নোট: এটি একটি নমূনামাত্র, আইনজীবি অথবা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে কার্য সম্পাদন উত্তম।
সৌজন্যে: টিম শোভনীয়
ছবি: ইন্টারনেট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply