অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং গাইড: বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ নির্দেশিকা
অস্ট্রেলিয়া ভ্রমণ মানেই দারুণ অভিজ্ঞতা। মনোমুগ্ধকর সমুদ্রসৈকত, আধুনিক শহর, এবং বৈচিত্র্যময় সংস্কৃতি ভ্রমণপিপাসুদের কাছে দেশটিকে করে তুলেছে জনপ্রিয়। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে হলে অবশ্যই ভিসা নিতে হয়। এখানে ধাপে ধাপে ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় তথ্য এবং ভ্রমণ সতর্কতা তুলে ধরা হলো।
প্রয়োজনীয় কাগজপত্র
১. পাসপোর্ট
একটি বৈধ পাসপোর্ট যা আপনার অস্ট্রেলিয়া ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ৬ মাসের জন্য বৈধ থাকবে।
২. ছবি
ভিসার জন্য নির্ধারিত মাপের সাম্প্রতিক তোলা রঙিন ছবি।
৩. আর্থিক স্বচ্ছলতার প্রমাণ
ব্যাংক স্টেটমেন্ট যা শেষ কয়েক মাসের লেনদেন দেখাবে। এতে পর্যাপ্ত অর্থ থাকা আবশ্যক, যা আপনার ভ্রমণের খরচ বহন করতে পারবে।
৪. পেশাগত তথ্য
-
চাকরিজীবী: নিয়োগকর্তার NOC (No Objection Certificate) এবং স্যালারি স্লিপ।
-
ব্যবসায়ী: ট্রেড লাইসেন্স এবং ব্যবসার প্রমাণপত্র।
৫. ঠিকানার প্রমাণ
বর্তমান ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
৬. ভ্রমণের উদ্দেশ্য প্রমাণ
অস্ট্রেলিয়ায় ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। এতে আপনি কী করবেন, কতদিন থাকবেন ইত্যাদি উল্লেখ থাকবে। এর জন্য একটি কভার লেটার জমা দিতে হবে।
৭. হোটেল বুকিং ও ফ্লাইট কনফার্মেশন
অস্ট্রেলিয়ায় থাকার স্থান এবং আসা-যাওয়ার ফ্লাইটের বুকিং প্রমাণপত্র।
ভিসা প্রসেসিং ধাপ
ধাপ ১: প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
ভিসার ধরন বেছে নিন ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী। তারপর সেই অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করুন। সব কাগজপত্র ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজ করা থাকতে হবে।
ধাপ ২: ইমি-অ্যাকাউন্ট তৈরি
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন পোর্টালে ইমি-অ্যাকাউন্ট খুলতে হবে। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে হয় এবং প্রাসঙ্গিক কাগজপত্র আপলোড করতে হয়।
ধাপ ৩: অনলাইনে আবেদন ফরম পূরণ
অ্যাকাউন্ট খোলার পর অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণ করুন। সব তথ্য সঠিকভাবে দিন। প্রয়োজনীয় স্ক্যান কাগজপত্র আপলোড করুন। একবার জমা দিলে আর পরিবর্তন করা যায় না। তাই জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন।
ধাপ ৪: ভিসা ফি পরিশোধ
ফরম জমা দেওয়ার পর অনলাইনে ভিসা ফি দিতে হবে। নির্ধারিত নিয়মে ফি পরিশোধ করা যায়।
ধাপ ৫: বায়োমেট্রিক জমা
ফি পরিশোধের পর একটি বায়োমেট্রিক লেটার পাওয়া যাবে। সেই অনুযায়ী ঢাকার ভিসা আবেদন কেন্দ্রে সময় নির্ধারণ করে বায়োমেট্রিক জমা দিতে হবে।
ধাপ ৬: সিদ্ধান্তের অপেক্ষা
বায়োমেট্রিক দেওয়ার পর আবেদন প্রক্রিয়া শেষ হয়। তারপর ভিসার সিদ্ধান্ত ইমেইলের মাধ্যমে জানানো হবে।
প্রসেসিং সময় ও ফি
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ভিসা পেতে সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগে। ভিসার ধরন ও কাগজপত্রের ওপর সময় কিছুটা কম-বেশি হতে পারে।
ভিসা ফি ১৩,৯০০ টাকা থেকে ৬,৪৬,৫৬০ টাকার মধ্যে হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার পরিবর্তন হলে ফি বাড়তে বা কমতে পারে। বাংলাদেশে আবেদন করলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে ফি জমা দিতে হয়।
ভ্রমণ সতর্কতা
-
ভ্রমণের আগে পর্যাপ্ত স্বাস্থ্যবীমা নিশ্চিত করুন।
-
স্থানীয় আইন কঠোরভাবে মানুন।
-
জরুরি যোগাযোগ নম্বর সবসময় কাছে রাখুন।
-
ভিসা ও পাসপোর্টের কপি নিরাপদে রাখুন।
-
ভ্রমণের আগে টিকিট, থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে প্রস্তুত করুন।

