আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের আগমন ঘটেছিলো ক্রিস্টোফার কলম্বাস দেশটি আবিষ্কারের পর। তবে তারা আমেরিকার প্রথম অধিবাসী নয়। তারও বহু আগে সেখানে বাস করতো বিভিন্ন উপজাতি ও উন্নত সভ্য জাতি—যেমন এজটেক ও ইনকা।
ইতিহাসবিদদের মতে, প্রায় ১২-১৩ হাজার বছর আগে সাইবেরিয়ার একদল শিকারি বরফ-ঢাকা দুর্গম পথ অতিক্রম করে বেরিং প্রণালী অঞ্চলের সরু স্থলপথ ধরে উত্তর আমেরিকায় পৌঁছায়। তখন এশিয়া ও উত্তর আমেরিকার মধ্যে দূরত্ব ছিল অনেক কম, আর এই পথ দিয়েই বারবার বিভিন্ন দল আমেরিকায় প্রবেশ করেছিলো। তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে, নতুন নতুন বসতি গড়ে তোলে এবং সময়ের সাথে সাথে ভাষা, সংস্কৃতি ও আচার-আচরণে একে অপরের থেকে আলাদা হয়ে যায়।
কেউ কেউ গড়ে তোলে ইনকা বা এজটেকদের মতো উন্নত সভ্যতা, আবার অনেক গোষ্ঠী থেকে যায় ছোট ছোট উপজাতি হিসেবে—যারা পাহাড়, সমতল বা উপত্যকায় বসবাস করতো। তাদের দৈহিক গঠনে মিল ছিলো; অধিকাংশেরই ছিলো কালো বা তামাটে বর্ণের চামড়া ও কালো চুল। এই তামাটে রঙের মানুষের জন্যই ইউরোপীয়রা তাদের ডাকতে শুরু করে “রেড ইন্ডিয়ান” নামে।
রেড ইন্ডিয়ানরা সাহসী যোদ্ধা, দক্ষ শিকারি ও ঘোড়সওয়ার হিসেবে পরিচিত ছিলো। তাদের জীবিকার প্রধান উপায় ছিল শিকার ও পশুপালন, তবে অনেকে কৃষি ও হস্তশিল্পেও পারদর্শিতা অর্জন করেছিলো।
আমেরিকায় তাদের বসতি গড়ে উঠেছিলো মূলত উত্তর-পশ্চিম উপকূল, ক্যালিফোর্নিয়া, দক্ষিণ-পশ্চিম অঞ্চল, পূর্বের উডল্যান্ড এলাকা এবং বিশাল সমতলভূমিতে। আজও তাদের বংশধরেরা আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করছে।

