Reader, News, Content, Studio
আপনি প্রতিবাদ লিপি পাঠাতে পারেন। আর টিভি মিডিয়া হলে পাঠাতে পারেন ভিডিও প্রতিক্রিয়া।

বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য প্রেস রিলিজ

বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য সংবাদ বিজ্ঞপ্তি লেখার নিয়ম

বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রেস রিলিজ মূলত একটি নিয়ন্ত্রিত সংবাদ। এটি বিজ্ঞাপনও নয়, আবার নিছক তথ্য বিজ্ঞপ্তিও নয়। এই দুয়ের মাঝামাঝি একটি দায়িত্বশীল লিখনরীতি হলো বাণিজ্যিক প্রেস রিলিজ। যারা মনে করেন, প্রেস রিলিজ মানেই নিজের পণ্যের প্রশংসা—তারা আসলে বিষয়টির গভীরে যাননি। কারণ গণমাধ্যম কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাপে না, তারা ছাপে সংবাদ। আর তাই আপনাকে পিআর লিখতে হবে সংবাদের মতো রুপ দিয়ে।

সংবাদ শৈলী না থাকলে বাণিজ্যিক প্রেস রিলিজ কার্যত অকার্যকর হয়ে পড়ে। কারণ সম্পাদক প্রথমেই দেখেন—এটার মধ্যে কোনো সংবাদ আছে কি না। যদি সংবাদগুণ না থাকে, তবে সেটি ডাস্টবিনেই যায়, প্রকাশ পায় না। তাই বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রেস রিলিজ লেখার আগে লেখার মৌলিক কাঠামো বোঝা জরুরি।

সংবাদ ও প্রেস রিলিজের কাঠামো প্রায় একই। পার্থক্য শুধু উদ্দেশ্যে। সংবাদে উদ্দেশ্য তথ্য জানানো, আর বাণিজ্যিক প্রেস রিলিজে উদ্দেশ্য তথ্য জানিয়ে বিশ্বাস তৈরি করা। এই বিশ্বাসই ভবিষ্যতে ব্র্যান্ড, পণ্য বা সেবার গ্রহণযোগ্যতা বাড়ায়।

প্রেস রিলিজ কোনো স্কুলের রচনা নয়, আবার ফেসবুক পোস্টও নয়। এটি একটি প্রাতিষ্ঠানিক দলিল, যা গণমাধ্যমের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছাবে। তাই এখানে দায়িত্বশীল ভাষা, যাচাইযোগ্য তথ্য ও গ্রহণযোগ্য বক্তব্য থাকতে হয়। তবেই সেটি সংবাদ হিসেবে বিবেচিত হয়। বাণিজ্যিক প্রেস রিলিজেও সংবাদের মূল নিয়ম প্রযোজ্য। অর্থাৎ, পাঠকের মনে যে প্রশ্নগুলো তৈরি হয়, সেগুলোর উত্তর লেখার ভেতরেই থাকতে হবে। এই প্রশ্নগুলোকে আমরা সাধারণভাবে বলি ষড় ক—ইংরেজিতে 5W1H।

বাণিজ্যিক প্রেস রিলিজে যে ছয়টি প্রশ্নের উত্তর থাকতে হবে—
১. কী ঘটেছে? (নতুন পণ্য, সেবা, উদ্যোগ, চুক্তি, সম্প্রসারণ ইত্যাদি)
২. কে করেছে? (প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ)
৩. কখন? (ঘটেছে, হচ্ছে বা হবে—স্পষ্ট সময়)
৪. কোথায়? (অফিস, বাজার, অঞ্চল বা দেশ)
৫. কেন? (এই উদ্যোগের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা)
৬. এর ফলাফল কী? (ভোক্তা, বাজার বা সমাজে প্রভাব)

প্রেস রিলিজের সূচনা বা লিড অংশে এই প্রশ্নগুলোর অন্তত চারটির উত্তর থাকতে হবে। সাধারণত ২২–২৫ শব্দের মধ্যে মূল বক্তব্যটি তুলে ধরা উত্তম। এটিই সাংবাদিক প্রথমে পড়েন, এরপর সিদ্ধান্ত নেন—এটা ছাপা যাবে কি না।

লিডের পর আসে লিডের বিস্তার। এখানে মূল তথ্যকে একটু বিস্তারিত করা হয়। এরপর আসে পটভূমি—এই উদ্যোগের জন্ম কীভাবে, এর আগে কী ছিল, বাজারে এর প্রাসঙ্গিকতা কী। বাণিজ্যিক প্রেস রিলিজে এই অংশে সাধারণত পণ্যের বৈশিষ্ট্য, সেবার সুবিধা, বাজার পরিস্থিতি ও প্রতিষ্ঠানের অবস্থান তুলে ধরা হয়।

এরপর আসে কর্তাব্যক্তিদের মন্তব্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানেই সংবাদে মানবিক কণ্ঠ যুক্ত হয়। তবে মন্তব্য যেন বিজ্ঞাপনমূলক না হয়। “আমাদের পণ্য সেরা” বলার চেয়ে “গ্রাহকের এই সমস্যার সমাধান দিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি”—এমন বক্তব্য গ্রহণযোগ্য।

শেষ অংশে থাকে যোগাযোগ তথ্য। এখানে মিডিয়া কন্টাক্ট, ই-মেইল, ফোন নম্বর বা ওয়েবসাইট দেয়া যেতে পারে। সব গণমাধ্যম এটি প্রকাশ করে না, তবে অনেক সময় অনলাইন সংস্করণে থেকে যায়। এটাও একধরনের দৃশ্যমানতা।

বাণিজ্যিক প্রেস রিলিজের কাঠামো সংক্ষেপে—

  • শিরোনাম: স্পষ্ট, তথ্যভিত্তিক

  • লিড: সংক্ষেপে মূল সংবাদ (ষড় ক)

  • লিডের বিস্তার: অতিরিক্ত প্রাসঙ্গিক তথ্য

  • পটভূমি: উদ্যোগ, পণ্য বা সেবার বিস্তারিত

  • মন্তব্য: দায়িত্বশীল বক্তব্য

  • যোগাযোগ তথ্য: ঐচ্ছিক কিন্তু কার্যকর

সব ব্যবসায়িক বিষয় প্রেস রিলিজ হয় না। প্রতিটি ছাড়, প্রতিটি অফার কিংবা প্রতিদিনের বিক্রয় সংবাদ নয়। সংবাদযোগ্যতা থাকতে হয়।

তাহলে কোন বাণিজ্যিক বিষয় সংবাদ হয়?

সংবাদযোগ্যতার বৈশিষ্ট্য

১. সময় ও নৈকট্য
নতুন উদ্যোগ, নতুন বাজারে প্রবেশ বা সাম্প্রতিক ঘটনা—সময় যত কাছের, সংবাদমূল্য তত বেশি।

২. পাঠকের স্বার্থ
গ্রাহক, বিনিয়োগকারী বা কর্মসংস্থানের সঙ্গে সম্পর্ক থাকলে বিষয়টি সংবাদ হয়ে ওঠে।

৩. প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের গুরুত্ব
পরিচিত প্রতিষ্ঠানের ছোট উদ্যোগও সংবাদ হয়, অপরিচিত প্রতিষ্ঠানের বড় উদ্যোগও নাও হতে পারে।

৪. ব্যতিক্রম ও নতুনত্ব
যা সচরাচর ঘটে না—সেটাই সংবাদ। যেমন নতুন প্রযুক্তি, ব্যতিক্রমী মূল্যছাড়, অভিনব সেবা।

৫. ফলাফল ও প্রভাব
এই উদ্যোগে বাজার, ভোক্তা বা সমাজ কী পেল—এটাই শেষ কথা।

বাণিজ্যিক প্রেস রিলিজ লেখার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে—
১. তথ্যভিত্তিক হতে হবে, অতিরঞ্জন নয়
২. অপ্রয়োজনীয় শব্দ ও তথ্য বাদ দিতে হবে
৩. সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ হতে হবে
৪. পাঠক ও সাংবাদিক—দুজনের কথাই ভাবতে হবে

ভুলত্রুটি ও সতর্কতা

প্রেস রিলিজে বানান ও ভাষাগত ভুল মানেই পেশাদারিত্বে প্রশ্নচিহ্ন। তাই—
১. বাংলা বানানের নিয়ম জানা জরুরি
২. দ্বৈত শব্দ ও অপ্রয়োজনীয় ইংরেজি পরিহার করা উচিত
৩. প্রকাশের আগে অন্তত একবার প্রুফ দেখা আবশ্যক
৪. নিয়মিত পত্রিকা পড়লে ভাষা ও শৈলী আয়ত্তে আসে

৫. যেখানে পাঠাবেন সেখানে সম্ভব হলে অন্তত ১বার যোগাযোগ করতে পারেন।

মনে রাখবেন, একটি ভালো বাণিজ্যিক প্রেস রিলিজ বিজ্ঞাপনের মতো চেঁচায় না, বরং সংবাদ হয়ে নিজেই জায়গা করে নেয়। ঠিক যেমন একজন ভালো উদ্যোক্তা শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে পরিচিত হন।

লেখা: জাহাঙ্গীর আলম শোভন
আরো জানতে সংগ্রহ করুন: জাহাঙ্গীর আলম শোভনের বই প্রেস রিলিজ গাইড লাইনস

বই কেনার লিংক: https://www.rokomari.com/book/211928/press-release-guidelines

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply