বাংলাদেশ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী, বর্তমানে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম, যেখানে ২০২৪ সালে এটি ছিল ৯৭তম।
তবে, আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায় এমন দেশের সংখ্যা কমে এসেছে। এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪২।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।
হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান, তার ওপর ভিত্তি করেই এই সূচক তৈরি করা হয়েছে।
বাংলাদেশি পাসপোর্টধারীরা যে ৩৯টি দেশে ভিসা ছাড়া যেতে পারবেন, সেগুলো হলো—মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

